অদ্ভুত এক ম্যাচ। জয়ী দলের উচ্ছ্বাস নেই খুব একটা। ম্যাচের ফলাফলে সবচেয়ে খুশি যে দল, কাল যারা মাঠেই ছিল না!টুর্নামেন্টে বরিশালের চাওয়া-পাওয়া শেষ পরশুর হারেই। কাল পারত স্রেফ রংপুর রাইডার্সের ‘যাত্রাভঙ্গ’ করতে। তা করলও। অসময়ে দারুণভাবে জ্বলে উঠল গতবারের রানার্সআপরা। তাতে জ্বলে মরল রংপুর। আর রংপুরের হারে সেরা চারে জায়গা করে নিল বিদায়ঘণ্টা শুনতে থাকা দুরন্ত রাজশাহী। ১২ ম্যাচ শেষে তিন দলেরই পয়েন্ট ১০। কিন্তু নিজেদের মধ্যকার ম্যাচে সবচেয়ে বেশি জয় পাওয়ায় ফাইনালের লড়াইয়ে থাকতে পারছে রাজশাহী।প্রাপ্তির কিছু নেই, এমন ম্যাচে আরও বেশি মিইয়ে যায় অনেক দল। অনেক সময় আবার চাপহীন থাকায় বেরিয়ে আসে সেরাটা। বরিশালের ক্ষেত্রে হলো পরেরটাই। ১৩৯ রানের মাঝারি পুঁজি নিয়েও তাই অনায়াস জয়। জিতলেই সেরা চারে জায়গা, প্রথম ইনিংস শেষে স্বপ্নটা নিশ্চয়ই আরও উজ্জ্বল হয়ে গিয়েছিল রংপুরের। কিন্তু তা ফিকে হয়ে যায় নিজেদের ইনিংসের শুরুতেই। হামিদ হাসানের ২ ওভারেই ম্যাচের ভাগ্য মোটামুটি নির্ধারিত। প্রথম ওভারে জুনায়েদকে ফেরানোর পর আফগান পেসার নিজের পরের ওভারে ফেরান টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা শামসুর ও নাসিরকে। রংপুর তখন ৩ উইকেটে ১১! আল আমিনের পরের ওভারে ইমরুলের বিদায়ে ৪ উইকেটে ১৭। নিবু নিবু করে আশার প্রদীপটা কিছুক্ষণ জ্বালিয়ে রেখেছিলেন বোরগাস (৩২) ও হায়াট (২৫)। শেষ দিকে সেই প্রদীপে খানিকটা ঘি ঢেলেছিলেন কেভিন ও’ব্রায়েন (১৬ বলে ২৯)। শেষ রক্ষা হয়নি তাতেও।বরিশালের শুরুটা ছিল রংপুরের উল্টো, অলক কাপালি (২৩ বলে ২৫) ও ব্র্যাড হজ (১২ বলে ১৯) উদ্বোধনী জুটিতে ৩২ তুলে ফেলেছিলেন ৪ ওভারেই। কিন্তু সাজু ও নাসিরের স্পিনে ২৩ রানের মধ্যে পড়ে যায় ৪ উইকেট। ১৫ ওভার শেষে রান ছিল ৬ উইকেটে ৯০। সপ্তম উইকেটে ফারভিজ মাহারুফ (৩৪ বলে ৩৪*) ও ইলিয়াস সানির (২০ বলে ৩০) ৪৯ রানের জুটি বরিশালকে এনে দেয় ১৩৯। শেষ পর্যন্ত রংপুরের হতাশায় ডোবাতে ও রাজশাহীকে উত্সবে ভাসাতে যথেষ্ট বলে প্রমাণিত ওই রানই।সংক্ষিপ্ত স্কোরবরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৩৯/৭ (হজ ১৯, অলক ২৫, সাব্বির ০, মেহমুদ ০, মাস্টার্ড ১৮, মাহারুফ ৩৪*, আলাউদ্দিন ৫, সানি ৩০; সাজু ৩/২৩, ও’ব্রায়েন ২/৩১, নাসির ১/১৪, রাজ্জাক ১/৩৩)। রংপুর রাইডার্স: ২০ ওভারে ১১৩ (শামসুর ৩, জুনায়েদ ০, ইমরুল ৭, নাসির ১, বোরগাস ৩২, হায়াট ২৫, ধীমান ৪, ও’ব্রায়েন ২৯, রাজ্জাক ৪, এডওয়ার্ডস ৩, সাজু ০*; হামিদ ৩/২২, নাজমুল অপু ২/১৯, মাহারুফ ২/৩০, মেহমুদ ১/৮, আল আমিন ১/১৬)ফল: বরিশাল বার্নার্স ২৬ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: হামিদ হাসান।