বরুসিয়ায় বিধ্বস্ত রিয়াল
বিশ্ব ফুটবলে আধিপত্যের ঝান্ডাটার কি হাতবদল হচ্ছে? কয়েক বছর ধরে স্পেন শক্ত হাতে যে ঝান্ডা সমুন্নত রেখেছিল, তা কি আসতে যাচ্ছে জার্মানির হাতে? যে যা-ই বলুক, দুই দিন ধরে ইউরোপীয় ফুটবলে ঘটে যাওয়া ঘটনাগুলো অন্তত তা-ই নির্দেশ করছে। আগের দিনই সাম্প্রতিক সময়ের অবিসংবাদিত সেরা বার্সেলোনা বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখের কাছে। বার্সাকে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম পর্বে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকদূর এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। কাল অপর সেমিতে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে পর্যুদস্ত হলো বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো ‘অল জার্মান’ ফাইনালের ক্ষেত্রটা মোটামুটি প্রস্তুতই হয়ে গেল। পুরো বিষয়টিকে ফুটবল বিশ্বে আধিপত্যের পরিবর্তন হিসেবে তো অভিহিত করা যেতেই পারে।কাল রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত হয়েছে এক পোলিশ ফুটবলারের কাছে। নাম তাঁর রবার্ট লেওয়ানদোওস্কি। হ্যাটট্রিকসহ একাই চার-চারটি গোল করে তিনি চূর্ণ করে দিয়েছেন তারকাখচিত রিয়াল মাদ্রিদের সব দর্প। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালের পক্ষে একটি গোল ফিরিয়ে দিলেও তা ‘লস ব্ল্যাঙ্কোস’দের বিশাল পরাজয় ঠেকানোর জন্য যথেষ্ট বলে প্রমাণিত হয়নি।বরুসিয়া ডর্টমুন্ডের কৌশলের কাছে রিয়ালের কৌশল কাল যোজন-ব্যবধানে পরাজিত। রবার্ট লেওয়ানদোওস্কি ৪ গোল করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সৃষ্টি করেছেন নতুন এক রেকর্ড। অতীতে আর কোনো খেলোয়াড়ই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে একা চারটি গোল করতে পারেননি। অথচ বরুসিয়াকে রিয়ালের ওপর শ্রেষ্ঠত্বের আসনে বসানো এই ২৪ বছর বয়সী স্ট্রাইকার ২০১৪ সালের মধ্যেই ডর্টমুন্ড ছাড়ার ঘোষণা দিয়ে ফেলেছেন। কালকের পর বরুসিয়া ডর্টমুন্ডের নিশ্চয়ই প্রাণান্ত প্রচেষ্টা থাকবে এই পোলিশ স্ট্রাইকারকে দলে রেখে দেওয়া।খেলার আট মিনিটেই গোল করে এগিয়ে যায় বরুসিয়া। গোটজের এক দারুণ ক্রসে পা ছুঁইয়ে রিয়াল গোলরক্ষক ডিয়েগো লোপেজকে পরাভূত করেন লেওয়ানদোওস্কি। গোল খেয়ে হতভম্ব রিয়ালের অপ্রস্তুত রক্ষণব্যূহে এর পরও বেশ কয়েকবার আক্রমণ চালালেও সফল হয়নি। অপ্রস্তুত অবস্থা থেকে নিজেদের গুছিয়ে তুলে রিয়াল মাদ্রিদ বলার মতো কিছু করতে সময় নেয় প্রায় ২০ মিনিট। এই সময় ক্রিস্টিয়ানো রোনালদোর একটি দূরপাল্লার ফ্রি-কিক পরীক্ষায় ফেলে বরুসিয়া ডর্টমুন্ড গোলরক্ষক রোমান উইডেনফেলারকে। ৪৩ মিনিটে একটি সম্মিলিত আক্রমণ থেকে পেনাল্টি পেয়ে যেতে পারত বরুসিয়া। কিন্তু রেফারি তাদের সেই দাবি প্রত্যাখ্যান করলে একটি প্রতি-আক্রমণ থেকে ডিফেন্ডার ম্যাট হ্যামেলের ভুলে বল পেয়ে যান গঞ্জালো হিগুয়েইন। হিগুয়েইন প্রায় ফাঁকা জায়গায় রোনালদোর দিকে বল বাড়ালে তা থেকে ‘সিআর-৭’-এর গোল করতে কোনো সমস্যায় পড়তে হয়নি।রোনালদোর এ গোলটি তাঁকে তুলে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকার চতুর্থ স্থানে। কালকের এই গোলে তিনি টানা ছয়টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোল করলেন। ৫০টি গোল করে ব্র্যাকেটবন্দী হলেন ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরির সঙ্গে।দ্বিতীয়ার্ধে প্রবল প্রতিদ্বন্দ্বিতারই আভাস ছিল। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করে লেওয়ানদোওস্কি রিয়ালের ম্যাচে ফেরার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেন। ৫০ মিনিটে তিনি বরুসিয়াকে এগিয়ে দেন ২-১ গোলে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিনি ব্যবধান ৩-১ করে রিয়ালকে একপ্রকার ছিটকেই দেন ম্যাচ থেকে।৫০ মিনিটে লেওয়ানদোওস্কি গোল করেন রেওসের পাস থেকে রিয়াল গোলপোস্টের খুব কাছ থেকে। ৫৫ মিনিটে অফসাইড ফাঁদ ভেঙে মারসেল শ্যামেলজারের ক্রস থেকে বল পেয়ে লেওয়ানদোওস্কি নিজের তৃতীয় গোলটি করেন।৬৬ মিনিটে লেওয়ানদোস্কির করা চতুর্থ গোলটি ছিল পেনাল্টি থেকে। লেওয়ানদোওস্কি যথন পেনাল্টি থেকে দলের ও নিজের চতুর্থ গোলটি করলেন, তখন রিয়ালের অবস্থা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মতোই অসহায়। এই সেমির দ্বিতীয় পর্বও যে অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত করল বরুসিয়া।