বরুসিয়ায় মনোযোগ লেভানডোফস্কির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট লেভানডোফস্কি
রবার্ট লেভানডোফস্কি

শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডেই হয়তো থেকে যাবেন রবার্ট লেভানডোফস্কি। এই পোলিশ স্ট্রাইকারকে নিয়ে দুই জার্মান জায়ান্ট বায়ার্ন ও বরুসিয়ার যে দড়ি টানাটানি, তাতে আপাতত বরুসিয়ারই জয় হতে যাচ্ছে।
গত মৌসুমের শেষ দিকে লেভানডোফস্কি বরুসিয়া ছাড়ার ঘোষণাটা একরকম দিয়েই দিয়েছিলেন। তবে, তাঁর নতুন গন্তব্য হবে কোন ক্লাব, সে সম্পর্কে পরিষ্কার করে কিছুই বোঝা যাচ্ছিল না। একবার ম্যানচেস্টার ইউনাইটেড তো আরেকবার রিয়াল মাদ্রিদ। তবে তাঁর প্রতি বায়ার্নের আগ্রহটা ছাপিয়ে গিয়েছিল সবাইকে। বায়ার্নে দলবদল করার ব্যাপারটি মোটামুটি ‘চূড়ান্ত’ করে আনলেও তাঁর প্রতি বরুসিয়ার অনুরাগ তাঁকে বেঁধে ফেলেছে মায়ার বন্ধনে। সিগনাল ইডুনা পার্কের আবেগই তাঁকে উত্সাহিত করছে হলুদ-কালো জার্সি গায়ে অন্তত তাঁর চুক্তির মেয়াদটা শেষ করে যেতে। ২০১৪ সাল পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তিবদ্ধ লেভানডোফস্কি।
নতুন মৌসুম শুরু হতে খুব একটা দেরি নেই। এর মধ্যেই নিজেকে গুছিয়ে নিতে চাইছেন লেভানডোফস্কি। তাঁকে নিয়ে বিভিন্ন ক্লাবের দড়ি টানাটানিতে নিজের মনোযোগ ব্যাহত হচ্ছে বলে উপলব্ধি তাঁর। তাই নতুন মৌসুম শুরু হওয়ার আগে মনোযোগ ও পারফরম্যান্স ঠিক পথে আনতে চাইছেন তিনি, ‘দলবদলের ব্যাপারটি সমস্যা তৈরি করছিল। এখন আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। মনোযোগের পুরোটাই এখন নিবদ্ধ করব বরুসিয়ার প্রতি। নিজের সবটুকু দিয়ে মাঠে পারফর্ম করেই আমি সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’ সূত্র: বিল্ড, জার্মানি।