বর্ডারকে পেছনে ফেললেন চন্দরপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরিটির পর উল্লসিত চন্দরপল
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরিটির পর উল্লসিত চন্দরপল

ক্রিকেট বিশ্বে তাঁকে নিয়ে খুব বেশি হইচই কখনোই হয় না। ওয়েস্ট ইন্ডিজের দলগত ব্যর্থতা যেন আরও আড়াল করে দিয়েছে শিবনারায়ণ চন্দরপলকে। কিন্তু ক্যারিবীয়দের এককালের দাপুটে অস্তিত্বের সাক্ষ্যটা যেন একাই বহন করে চলেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ক্লাইভ লয়েড, গ্যারি সোবার্স, ব্রায়ান লারার মতো কিংবদন্তি ক্রিকেটারদের সেই স্বর্ণযুগটার কথা কিছুটা হলেও মনে করিয়ে দিচ্ছেন চন্দরপল।
নিউজিল্যান্ড সফরের প্রথম দুই টেস্টে সমর্থকদের বেশ ভালোই হতাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। কিন্তু এর মধ্যেও অনেক সময় প্রায় একাই লড়াই চালাতে দেখা গেছে চন্দরপলকে। গতকালও হ্যামিলটন টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ১২২ রানের ইনিংস। দিনেশ রামদিন সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ২০০ রানের জুটিটার সুবাদেই বড়সড় ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ক্যারিয়ারের ২৯তম টেস্ট শতকটি করার পথে নতুন এক উচ্চতায়ও উঠে গেছেন এই বামহাতি ব্যাটসম্যান। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বোর্ডারকে। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন চন্দরপল আছেন ছয় নম্বরে।
১১ হাজার ১৭৪ রান নিয়ে এই ষষ্ঠ অবস্থানটা এতদিন ধরে ছিল বোর্ডারের দখলে। গতকাল ৯৮ রান করেই সাবেক এই অস্ট্রেলিয়ানকে ধরে ফেলেছিলেন চন্দরপল। আর সেই ইনিংসটি শেষে তাঁর মোট রানসংখ্যা ১১ হাজার ১৯৯। এখন তাঁর আগে আছেন শুধু লারা, ক্যালিস, দ্রাবিড়, পন্টিং ও টেন্ডুলকার।
টেস্টে টেন্ডুলকারের সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রানের রেকর্ডটা হয়তো আর স্পর্শ করতে পারবেন না ৩৯ বছর বয়সী চন্দরপল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে হয়তো আর কয়েক দিন পরে লারার বদলে লেখা হতে পারে তাঁর নামটাই। লারার সঙ্গে চন্দরপলের ব্যবধান ৭৫৪ রানের।
২০০৭ সালে লারার অবসরের পরই যেন নিজেকে নতুনভাবে চেনানো শুরু করেছিলেন চন্দরপল। লারার সতীর্থ হিসেবে ১০১টি টেস্ট খেলে চন্দরপলের গড় ছিল ৪৪.৬০। কিন্তু পরের ৫২ টেস্টে তাঁর ব্যাটিং গড় ৭০ ছাড়িয়ে গেছে।