বর্ণবাদ আছে, বর্ণবাদ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে লুইস সুয়ারেজ, এরপর জন টেরি। পরপর দুই তারকা ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠল। ফলে বর্ণবাদ নিয়ে আবারও মুখর ফুটবল বিশ্ব। এ নিয়ে মুখ খুলে খোদ সেপ ব্ল্যাটার জ্বালিয়ে দিয়েছেন সমালোচনার আগুন!লিভারপুলের স্ট্রাইকার সুয়ারেজের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরা। অভিযোগ, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ-লিভারপুল ম্যাচে কমপক্ষে ১০ বার তাঁকে বর্ণবাদী গালি দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। চেলসি অধিনায়ক টেরির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী গালি দেওয়ার।ম্যানইউ-লিভারপুল ম্যাচটি হয়েছিল গত মাসের ১৫ তারিখে। এক মাসের তদন্ত শেষে এবার ইংলিশ ফুটবল সংস্থা (এফএ) সুয়ারেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। ধারণা করা হচ্ছে, উরুগুইয়ান এই স্ট্রাইকার শাস্তিই পাবেন শেষ পর্যন্ত। যদিও সুয়ারেজ নিজে কোনো ধরনের বর্ণবাদী আচরণ করার কথা অস্বীকার করেছেন। ক্লাবকেও পাশে পাচ্ছেন। লিভারপুল এরই মধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে, সুয়ারেজ নির্দোষ। যদিও এভরা বলছেন, ‘মাঠে তো ক্যামেরা ছিল। সেটা দেখলেই বোঝা যাবে ও আমাকে উদ্দেশ করে নির্দিষ্ট একটা শব্দ কমপক্ষে ১০ বার উচ্চারণ করেছে।’ কী সেই শব্দ, সেটি এভরা বলেননি।বর্ণবাদের বিষবাষ্প দূর হয়নি। ফুটবল এ নিয়ে প্রায়ই আলোড়িত হয়। বিষয়টি খুবই স্পর্শকাতর বলে এ নিয়ে ফিফাও সোচ্চার। অবশ্য ফিফার সভাপতি ব্ল্যাটার প্রথমে মন্তব্য করেছিলেন, বর্ণবাদ বলতে যে গুরুতর বিষয়টি বোঝায়, সেই অর্থে ফুটবলে সেটি নেই, ‘ফুটবলে কোনো বর্ণবাদ নেই। হ্যাঁ, এমন কিছু ভঙ্গি বা শব্দ হয়তো উচ্চারণ করা হয়, যেটি ঠিক নয়। তবে যে খেলোয়াড় এর শিকার হয়, তার উচিত এটা খেলারই অংশ ধরে নিয়ে হাত মিলিয়ে ঘটনা মিটমাট করে ফেলা।’ব্ল্যাটারের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই ভালো লাগেনি অনেকের। এ নিয়ে তাই শুরু হয়ে যায় সমালোচনা। ব্রিটেনের খেলোয়াড়দের সংগঠনের পক্ষ থেকে তাঁর পদত্যাগও দাবি করা হয়েছে। তাঁদের প্রশ্ন, তবে কি বর্ণবাদ বিষয়টি হালকা করে দেখছেন ফিফা সভাপতি? সমালোচনা হচ্ছে ব্রিটিশ মিডিয়াতেও। ট্যাবলয়েড পত্রিকা সান শিরোনাম করেছে ‘ব্লাইন্ড অ্যাজ আ ব্ল্যাট’।বিতর্কের পর ব্ল্যাটার নিজের অবস্থানে ব্যাখ্যা দিতে হয়েছে ব্ল্যাটারকে, ‘এটা পরিষ্কার করতে চাই, ফুটবল ও সমাজে যেকোনো ধরনের বর্ণবাদ, বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগতভাবে ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়ে এসেছি।’ চাপের মুখে আগের মন্তব্য সংশোধন করে ব্ল্যাটার এ-ও বলেছেন, ‘দুর্ভাগ্যজনক হলো, ফুটবলে আসলেই বর্ণবাদ আছে।’তাঁর আগের মন্তব্য মানুষ ভুলভাবে বুঝেছে দাবি করে ব্ল্যাটার বলেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন কিছু কিছু ক্ষেত্রে মাঠের ঘটনা মাঠেই মিটিয়ে নেওয়া সম্ভব। এএফপি, ওয়েবসাইট।