বর্ণবাদ ও ফিফা-উয়েফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দানি আলভেজের ঘটনার মতো বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠেনি। তবে লেভান্তের সেনেগালিজ মিডফিল্ডার পেপ দিউফের সঙ্গে বর্ণবাদী আচরণ আসল জায়গাটিকে নাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে স্পেনে দ্বিতীয়বারের মতো বর্ণবাদের ঘটনায় ক্ষিপ্ত বিশ্ব ফুটবলের প্রধান দুই সংস্থা ফিফা ও উয়েফা। দিউফের ঘটনার প্রতিবাদে দুটি প্রতিষ্ঠানই বর্ণবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলেছেন, রোববারের ঘটনায় তিনি ‘খুবই ক্রুদ্ধ’। সব বৈষম্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উয়েফা। বর্ণবাদের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই দোষী ব্যক্তিকে স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়। এতেও কাজ হচ্ছে না দেখে ব্ল্যাটার ফুটবলে বর্ণবাদ নির্মূলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপকে বলেছেন, ‘বর্ণবাদ? সংশ্লিষ্ট ক্লাবের পয়েন্ট কাটা হবে বা নামিয়ে দেওয়া হবে পরের ধাপে।’
উয়েফার গণমাধ্যম শাখার প্রধান পেদ্রো পিন্টো টুইট করেছেন, ‘উয়েফা এবং এর সভাপতি মিশেল প্লাতিনি স্পেনের সমর্থকদের বর্ণবাদী আচরণসহ সব বৈষম্যের প্রতি তীব্র ক্ষোভ জানিয়েছে।’
এদিকে দানি আলভেজ তো বর্ণবাদের বিরুদ্ধে একটা গান লিখে নিজেই গিটার বাজিয়ে সেটি গেয়েছেনও। পরে গানটা টুইটারের বিভিন্ন হ্যাশট্যাগে পোস্টও করেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পর্তুগিজে লেখা হ্যাশট্যাগগুলোর বঙ্গানুবাদ এমন দাঁড়ায়—আমরা সবাই সমান, আমরা সবাই মানুষ, প্রত্যেকেই বর্ণবাদের বিরুদ্ধে। ওয়েবসাইট।