বর্ণবাদ নিয়ে মন্তব্য করে সমালোচিত ব্লাটার
তোপের মুখে পড়েছেন ফিফার সভাপতি সেপ ব্লাটার। বর্ণবাদ নিয়ে সম্প্রতি তাঁর একটি মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে চারদিকে। বিশ্ব ফুটবলের শীর্ষ অনেক ব্যক্তিত্ব এই মন্তব্যের জন্য ব্লাটারের পদত্যাগও দাবি করেছেন।ব্লাটার বলেছেন, যদি একজন খেলোয়াড় খেলার মাঠে বর্ণবাদের শিকার হন, তাহলে খেলা শেষে একটি সাধারণ করমর্দনই সবকিছু ভুলিয়ে দিতে পারে। এই মন্তব্যের পরপরই ফুটবল বিশ্বের এই শীর্ষ অধিকর্তার পদত্যাগ দাবি করছেন অনেকে।পেশাদারি ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের প্রধান গর্ডন টেইলর বলেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না ব্লাটারের মতো একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তি এ ধরনের খেলো মন্তব্য করতে পারেন।গর্ডন টেইলর আরও বলেন, এটা কোনো ছেলেখেলা মন্তব্য নয়। তিনি অতীতেও মহিলা ফুটবল নিয়ে হাস্যকর মন্তব্য করেছেন। মনে হচ্ছে ব্লাটারের মাথা খারাপ হয়ে গেছে। তিনি যুগের সঙ্গেও তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়েছেন।টেইলর বলেন, যখন যুগের চাহিদা ফুটবল মাঠে প্রযুক্তির ব্যবহার করে মাঠে দলগুলোর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু ব্লাটার তা করতে ব্যর্থ হয়েছেন। আর এখন তাঁর সব ধ্যান ও জ্ঞান ব্যস্ত রয়েছে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে।গর্ডন টেইলর, তিনি ফিফার সভাপতি। কোনো সাধারণ মানুষ নন। তিনি এমন একটি সংগঠনের নেতা, যার সদস্যই পৃথিবীর ২০০টি দেশ। যেখানে রয়েছে অজস্র সংস্কৃতি, অজস্র ভাষা ও অনেক জাতির উপস্থিতি।জন টেরি ও লুইস সুয়ারেজের বিরুদ্ধে যখন বর্ণবাদের অভিযোগ, ঠিক তখনই বর্ণবাদ নিয়ে ব্লাটারের এ ধরনের বাজে মন্তব্যকে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধিতে তাঁর ব্যর্থতা হিসেবেই ধরে নিতে চান টেইলর।