বর্ণবাদী আচরণ দেখা গেলে খেলা বন্ধ: প্লাতিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ইউরো আসরে বর্ণবাদী আচরণের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেবে না ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটির সভাপতি মিশেল প্লাতিনি জানিয়েছেন, কোনো খেলোয়াড় বা সমর্থকের দ্বারা কেউ বর্ণবাদী আচরণের শিকার হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেবেন রেফারিরা।এবারের ইউরো আসরের সবচেয়ে বড় আশঙ্কা বর্ণবাদ নিয়ে। দুই সহ-আয়োজক পোল্যান্ড ও ইউক্রেনে সম্প্রতি ফুটবল খেলা নিয়ে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। তবে ইউরোপীয় ফুটবলের বর্ণবাদবিরোধী সংগঠনের (এফএআরই) পরিচালক পিয়েরা পাওয়ার জানিয়েছেন, ইউরোতে এসব নিয়ে শঙ্কা করার কোনো কারণ নেই। প্রতিটি দলের সমর্থকদের আচরণ, ব্যানার, পোস্টার—এসব পর্যবেক্ষণের জন্য তাঁর সংগঠনের ৩১ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছে উয়েফা।পাওয়ার জানান, কোনো দলের বিরুদ্ধে তিনবার বর্ণবাদী আচরণের প্রমাণ পাওয়া গেলে প্রতিযোগিতা থেকে ওই দলকে বহিষ্কার করতে পারে উয়েফা।সম্প্রতি ‘স্টেডিয়ামস অব হেইট’ নামে একটি তথ্যচিত্র তৈরি করে বিবিসি। এখানে ইউরোর সহ-আয়োজক দেশ দুটিতে চলমান বর্ণবাদের দ্বন্দ্ব তুলে ধরা হয়। বিবিসির ওই তথ্যচিত্র দেখেননি জানিয়ে প্লাতিনি বলেন, ‘ইউরো আসরের আয়োজক বলে এখন পোল্যান্ড ও ইউক্রেনের সমালোচনা করা হচ্ছে। তবে বর্ণবাদ কেবল এই দুটি দেশের নয়, গোটা ইউরোপের সমস্যা। ইংল্যান্ড বা তাঁর দেশ ফ্রান্সও এর বাইরে নয়।’ সূত্র: ওয়েবসাইট।