বর্ণবাদে অভিযুক্ত ক্রোয়েশিয়ার সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের কৃতকর্মের দায় মাথা পেতে নিতে হচ্ছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনকে। ক্রোট সমর্থকদের বর্ণবাদী মন্তব্য ও অন্যান্য উচ্ছৃঙ্খল আচরণের দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হতে হচ্ছে দেশটির ফুটবল ফেডারেশনকে। ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে ম্যাচটিতে বিভিন্ন বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে ক্রোট সমর্থকদের বিরুদ্ধে। তারা সেই ম্যাচে মাঠে পটকা ছুড়েও খেলায় বিঘ্ন ঘটায়। পটকার ধোঁয়ায় মাঠ আচ্ছন্ন হয়ে যাওয়ায় রেফারি কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতেও বাধ্য হন। এসব উচ্ছৃঙ্খল ঘটনার জন্য ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনকেই অভিযুক্ত করেছে ইউরো আয়োজক উয়েফা।এর আগে রাশিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচে রুশ সমর্থকেরা বিভিন্ন আপত্তিকর মন্তব্য সংবলিত ব্যানার মাঠে নিয়ে এসেছিল বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উয়েফা রুশ ফুটবল ফেডারেশনকে অভিযুক্ত করে ইতিমধ্যেই চিঠি দিয়েছে বলে জানা গেছে। উয়েফা এই মুহূর্তে ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচে ইতালীয় স্ট্রাইকার মারিও বালোতেল্লির প্রতি ক্রোট সমর্থকদের বর্ণবাদী বিভিন্ন মন্তব্যের তদন্ত শুরু করেছে। বর্ণবাদের আশঙ্কা মাথায় নিয়েই মাঠে গড়ায় এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ। উয়েফা প্রথম থেকেই বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করে আসছে। ইউরো চ্যাম্পিয়নশিপে সংঘটিত বেশ কয়েকটি আপত্তিকর ঘটনার পরিপ্রেক্ষিতে উয়েফা এসব নিয়ে তদন্ত শুরু করেছে বলে সংস্থাটির তরফ থেকে জানানো হয়। উয়েফা জানিয়েছে, ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচে ক্রোয়েশিয়ান সমর্থকদের বিভিন্ন বর্ণবাদী মন্তব্য ও মাঠে পটকা ছুড়ে মারার ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।এদিকে ফুটবল অ্যাগেনস্ট রেসিজম ইন ইউরোপ (এফএআরই) জানিয়েছে, তাদের কাছে অভিযোগ আছে, ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচে প্রায় ৩০০ ক্রোট সমর্থক ইতালীয় স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের বর্ণবাদী মন্তব্য করেছে। রয়টার্স।