বর্ণবাদে জর্জরিত দানি আলভেজ
অনেক স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। স্প্যানিশ জায়ান্টদের নিয়ে যাবেন অন্য উচ্চতায়। সেই সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন নিজেকেও। স্বপ্ন মিথ্যে হয়নি ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজের। যশ, খ্যাতি সবই পেয়েছেন। কিন্তু পাননি জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা—শান্তি! স্পেনের বিভিন্ন মাঠে আলভেজকে শুনতে হয়েছে ‘বানর’ গালি।‘দুঃখজনক হলেও, আমি ক্লাবটির সঙ্গে থেকে এ শিক্ষাটাই পেয়েছি। প্রায় প্রতিটি ম্যাচেই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় আমাকে। ওরা আমাকে অপমান করে, বানর বলে গালি দেয়।’ মঙ্গলবার ব্রাজিলের একটি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে এভাবেই বর্ণবাদী আচরণের শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেছেন আলভেজ।মাঝেমধ্যে নয়, ২০০৮ সালে বার্সায় যোগ দেওয়ার পর থেকে পুরো সময়ে এভাবে অপমানিত হতে হয়েছে আলভেজকে। একটা ম্যাচও শান্তিতে খেলতে দেয়নি বার্সেলোনার বিরোধী সমর্থকেরা।‘সমর্থকেরাই এটা করে। খেলোয়াড়েরা এর বিরোধী। আমার পরিবার অসুখী। তাঁরা অভিযোগ করেন কিন্তু কোনো কাজ হয় না। আমি এসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। আমি মনে করি, ওই লোকগুলো অশিক্ষিত। তাই ওদের কথাগুলো গুরুত্ব দিই না।’ বলেছেন ২৭ বছর বয়সী আলভেজ।শুধু আলভেজ নয়, এভাবে বর্ণবাদের শিকার হতে হচ্ছে অনেককেই। লা লিগা সমর্থকদের ঠেকাতে তত্পর। কিন্তু কোনো পদক্ষেপই কাজে আসছে না। বর্ণবাদের ব্যাপকতা উঠে এসেছে আলভেজের কথায়, ‘এখানে বর্ণবাদ নিয়ন্ত্রণহীন। এটা কখনোই বন্ধ হবে না।’ রয়টার্স।