বর্ণবাদের অভিযোগে ক্রোয়েশিয়াকে জরিমানা
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। দীর্ঘ ছয় বছর ধরে ক্রোয়েশিয়ার ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া কোচ স্লাভেন বিলিচও সরে দাঁড়িয়েছেন কোচের পদ থেকে। এ রকম হতাশাজনক পরিস্থিতির মধ্যে নতুন একটি দুঃসংবাদও শুনেছে দেশটির ফুটবল ফেডারেশন। ক্রোট সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে ৮০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।১৪ জুন ইতালির বিপক্ষে ম্যাচটির সময় ইতালিয়ান স্ট্রাইকার বালোতেল্লির উদ্দেশে বর্ণবাদী দুয়োধ্বনি দিয়েছিল ক্রোয়েশিয়ার সমর্থকেরা। এমনকি মাঠে কলাও ছুড়ে মারা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই এই জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। আজ এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘সি-গ্রুপে ইতালির বিপক্ষে ম্যাচটিতে ক্রোয়েশিয়ার সমর্থকেরা মাঠে পটকা ছুড়ে মারে ও নানা ধরনের বর্ণবাদী আচরণ করে। এর দায়ে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনকে ৮০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।’তবে এই সাজার বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবে ক্রোয়েশিয়া।—রয়টার্স