বর্ণবাদের বিপক্ষে কঠোর বালাতেল্লি
গায়ের রংটা কালো বলেই বর্ণবাদ নিয়ে বেশি চিন্তিত মারিও বালাতেল্লি। অতীতে যেখানে স্যামুয়েল ইতোর মতো খেলোয়াড় দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, সেখানে বালাতেল্লির না হওয়ার কোনোই কারণ নেই। নির্মল বিনোদনের ফুটবলে যে বড্ড বাজেভাবেই ঢুকে পড়েছে এই বর্ণবাদ।ইতালির ‘কালো’ ফুটবলার মারিও বালাতেল্লি অবশ্য বর্ণবাদের ব্যাপারে খুবই স্পর্শকাতর। তাঁর সঙ্গে এমন কোনো আচরণ তিনি সহ্য করবেন না বলেই জানিয়ে দিয়েছেন। ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবলের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, বর্ণবাদের শিকার হলে খুন করে জেলে যাওয়ার কথাও ঘোষণা করেছেন এই ‘খ্যাপাটে’ ফুটবলার। সেই সঙ্গে ফুটবল মাঠে বর্ণবাদী আচরণের শিকার হলে সঙ্গে সঙ্গে তিনি মাঠ থেকে বেরিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।বালাতেল্লির কাছে বর্ণবাদ একেবারে অসহ্যকর একটা জিনিস। গায়ের রং অন্য রকম হওয়ার কারণে কেউ তাঁকে গালি দিচ্ছে—এই ব্যাপারটি কোনোভাবেই মেনে নিতে পারেন না তিনি। আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ পোল্যান্ড ও ইউক্রেনে এই বর্ণবাদের ব্যাপারটি ঘটতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে, ঠিক তখনই বালাতেল্লির মুখ থেকে বের হলো এই তেজি মন্তব্য। তিনি বলেছেন, ‘বর্ণবাদ একেবারেই সহ্য করতে পারি না আমি।’খোদ ইতালিতেই বেশ কয়েকবার বর্ণবাদী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন এই বালাতেল্লি। তাঁকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করলে অবশ্য আরও ভালো কিছু করার জেদ তাঁকে পেয়ে বসে। তিনি বলেন, ‘যারা বর্ণবাদী কথা-বার্তা বলে, তারা জেনে রাখুক, আমি তাদের চেয়ে অনেক বেশি প্রতিভাবান।’স্যামুয়েল ইতোর দিকে কলা ছুড়ে মারার ঘটনা আলোড়ন তুলেছিল বিশ্বময়। বালাতেল্লি অবশ্য বলেছেন, তাঁর দিকে কেউ কলা ছুড়ে মারলে তিনি তাঁকে হত্যা করে জেলের জীবন বেছে নেবেন। ইউরোয় বর্ণবাদ মাথা-চাড়া দেবে না বলেই বিশ্বাস বালাতেল্লির। যদি হয়, তাহলে সোজা মাঠ ত্যাগ করার কথাও জানিয়ে রেখেছেন তিনি।