বর্ণবাদের বিরুদ্ধে এফএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদ নিয়ে আগামী মৌসুম থেকে নতুন আইন চালু করতে যাচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। অভিযোগ প্রমাণিত হলেই সর্বনিম্ন শাস্তি হবে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তিটা স্বয়ংক্রিয়ভাবেই দ্বিগুণ হয়ে ১০ ম্যাচ হয়ে যাবে। পরশু এফএর বার্ষিক সাধারণ সভায় নতুন এই আইন করার ব্যাপারে একমত হয়েছে সবাই। যদিও উয়েফার প্রস্তাবিত ১০ ম্যাচ নিষেধাজ্ঞার তুলনায় শাস্তিটা কম।শাস্তির বিধান থাকছে ক্লাবগুলোর জন্যও। তবে ১২ মাসে কোনো ক্লাবের নিয়োজিত দুই বা ততোধিক ব্যক্তি বর্ণবৈষম্যমূলক গালাগাল দেওয়ার অপরাধে নিষিদ্ধ হলেই শাস্তির মুখোমুখি হতে হবে ক্লাবকে। সভায় এফএ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইংলিশ ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অনেক পক্ষই। বর্ণবাদের বিরুদ্ধে এফএ বরাবরই কঠিন। চেলসি ডিফেন্ডার জন টেরি ও লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের ঘটনাই তার প্রমাণ। কিউপিআরের ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী গালি দেওয়ায় টেরিকে চার ম্যাচ নিষিদ্ধ ও দুই লাখ ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরার ঘটনায় সুয়ারেজকে নিষিদ্ধ করা হয় ৮ ম্যাচ, পাশাপাশি ৪০ হাজার পাউন্ড জরিমানা। রয়টার্স।