বর্ণবাদের বিষে জর্জর ইংলিশ ফুটবল
মনে করা হয়েছিল, বিষবৃক্ষ বুঝি উপড়ে ফেলা গেছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে, শিকড় রয়ে গেছে অগোচরে। ইংলিশ ফুটবলে আবারও তাই বর্ণবাদের কালো ছায়া। লুইস সুয়ারেজ, জন টেরির পর এবার খোদ ইংল্যান্ডের এক নামী রেফারির দিকে অভিযোগের আঙুল। মার্ক ক্ল্যাটেনবার্গ নামের এই রেফারি চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে জন ওবি মিকেলের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন বলে অভিযোগ চেলসির। স্প্যানিশ খেলোয়াড় হুয়ান মাতাও নাকি তাঁর গালি খেয়েছেন।আপাতদৃষ্টিতে এই তিনটি ঘটনা বিচ্ছিন্ন ও ক্ষুদ্র মনে হতে পারে। কিন্তু অনেকেই বলছেন, এটা খেলাটির উদ্ভাবক ইংল্যান্ড এবং ইংলিশ ফুটবলের জন্য বিপদবার্তা। বিশ্বজুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে।ইংলিশ ফুটবল সংস্থা বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে। খতিয়ে দেখছে পুলিশও। আপাতত দায়িত্ব থেকে সরিয়েও নেওয়া হয়েছে অভিযুক্ত রেফারিকে। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি জেফ উইন্টার বিবিসিকে বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তি দেওয়া হোক ক্ল্যাটেনবার্গকে, ‘কোনো ম্যাচ কর্মকর্তা যদি কোনো খেলোয়াড়কে বর্ণবাদী ভাষার ব্যবহারে অপমান করে, তা হলে তার ফুটবল ছেড়ে হাই জাম্পে যাওয়া উচিত। প্রমাণিত হলে সেটা হবে তাঁর ক্যারিয়ারের সমাপ্তি।’ইংলিশ ফুটবলের প্রবীণ সমর্থকদের অনেকের মনে সত্তর আর আশির দশকের স্মৃতিও হয়তো উঁকিঝুঁকি দিতে শুরু করেছে। যে সময় কালো খেলোয়াড়দের উদ্দেশে বানরের ডাক দেওয়া হতো গ্যালারি থেকে। কলা ছুড়ে মারার ঘটনাও আকছার ঘটত। ১৯৯২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ নামে যাত্রা শুরুর পর থেকে অবশ্য সেই কালো সময় পেরিয়ে এসেছে ইংলিশ ফুটবল। কৃষ্ণাঙ্গ ফুটবলারদের কাছে ইংল্যান্ড ছিল তীর্থভূমির মতো। ২০০২ সালের এক ম্যাচে আর্সেনাল যেমন খেলিয়েছিল নয়জন কালো খেলোয়াড়কে।ইংলিশ দলগুলো কখনো বর্ণবাদের শিকার হলে দেশটির সংবাদ মাধ্যমে বিষয়টি এমনভাবে চিত্রায়িত হতো, সমস্যাটি যেন বাকি বিশ্বের মাথাব্যথা। ইংল্যান্ড এর থেকে পুরোপুরি মুক্ত। এ মাসের শুরুর দিকে অনূর্ধ্ব-২১ পর্যায়ের এক ম্যাচে সার্বিয়ায় খেলতে গিয়ে ইংল্যান্ডের ড্যানি রোজের উদ্দেশে বানরের ডাক দেওয়ার ঘটনাও ঘটেছে। ইংলিশ ফুটবলে যেমনটি গত কয়েক দশকে আসলেই ঘটেনি।কিন্তু ইংল্যান্ডকে আবারও তাড়া করছে যেন বর্ণবাদের ভূত। গত মৌসুমে সুয়ারেজ-প্যাট্রিস এভরার পর ঘটল টেরি-অ্যান্টন ফার্ডিন্যান্ড ঘটনা। সুয়ারেজ আট ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। টেরিকে অবশ্য জাতীয় দলের ক্যারিয়ারই শেষ পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। কিন্তু ঘটনা এই বৃত্তে আটকে নেই। সামাজিক যোগাযোগের সাইটে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বর্ণবাদী গালি দেওয়ার অজস্র উদাহরণ আছে। আশির দশকে প্রায়ই কলা-নিক্ষেপের শিকার হতেন এমন সাবেক খেলোয়াড় জন বার্নস দাবি করেছেন, ইংলিশ ফুটবল থেকে বর্ণবাদের শিকড় কখনোই সমূলে উৎপাটিত হয়নি। লিভারপুলের সাবেক এই উইঙ্গার দাবি করেছেন, ইংলিশ সমাজেই এখনো বর্ণবাদের ছায়া আছে, ‘যদি বর্ণবাদ আপনার সমাজেই থেকে থাকে, তা হলে আপনি ফুটবলকে কোনোভাবেই বর্ণবাদ মুক্ত করতে পারবেন না।’ এএফপি, রয়টার্স।