বর্ণবাদের শিকার তোরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াইয়া তোরে
ইয়াইয়া তোরে

‘বর্ণবাদকে না বলুন’ লেখা ব্যানার প্রায়ই দেখা যায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বড় বড় ম্যাচে। ফুটবল অঙ্গনে সাদা-কালোর বিভেদ দূর করতে নানা রকম উদ্যোগও নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা উয়েফা ও ফিফা। কিন্তু সত্যিই কি দূর করা গেছে বর্ণবাদের অভিশাপ? ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়াইয়া তোরে কিন্তু তেমনটা মনে করছেন না। আইভরি কোস্টের এই ফুটবলারের অভিযোগ: এখনো পর্যন্ত ‘সেরা খেলোয়াড়’ হিসেবে কোনো স্বীকৃতি পাননি কেবল তিনি জাতিতে আফ্রিকান বলে।
এ বছরের মার্চে ম্যানচেস্টার সিটির ক্যাপিটাল ওয়ান কাপ জয়ের পর অভিযোগটা প্রথমে তুলেছিলেন সামির নাসরি। ফরাসি এই মিডফিল্ডার, তোরে যদি আফ্রিকান না হতেন, তাহলে তাঁকে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হতো। সম্প্রতি বিবিসির সঙ্গে সাক্ষাত্কারে তোরে নিজেও তুলেছেন এই একই অভিযোগ। বলেছেন, ‘আমার মনে হয় সামির যেটা বলেছিল সেটা খুবই সত্য। আফ্রিকান হওয়ার কারণেই আমি কোনো স্বীকৃতি পাই না। আমি নেতিবাচক হতে চাই না। কিন্তু এটাই সত্য। আপনি আফ্রিকার কোনো অঞ্চলে গিয়ে কাউকে মেসির কথা জিজ্ঞাসা করেন সে বলবে হ্যাঁ, আমরা তাকে চিনি। কিন্তু আপনি ইউরোপে এসে কাউকে ইয়াইয়া তোরের কথা জিজ্ঞাসা করেন, মানুষ বলবে “সেটা কে”?’
২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর তিনটি ভিন্ন দেশের ক্লাবে খেলে লিগ শিরোপা জিতেছেন তোরে। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের পেছনেও প্রধান ভূমিকা পালন করেছিলেন আইভরি কোস্টের এই মিডফিল্ডার। এবারের মৌসুমে পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও আছে তোরের নাম। এখন পর্যন্ত কোনো আফ্রিকান খেলোয়াড় জিততে পারেননি ইংলিশ ফুটবলের বর্ষসেরার পুরস্কার। গোল ডটকম