বর্ণিল উদ্বোধনের আগে সাবিনাদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে কাল গেমসের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l এএফপি
দক্ষিণ এশীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে কাল গেমসের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l এএফপি

আসামে জন্ম। পেয়েছেন আসাম-রত্ন উপাধি। কিন্তু বাংলা গানেরই অন্যতম শ্রেষ্ঠ এক শিল্পী ভূপেন হাজারিকা। ছয় বছর আগেই তিনি অন্যলোকের বাসিন্দা। কিন্তু কাল বারবার ফিরে এলেন গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে। ফিরে এল তাঁর গান, ‘এই পৃথিবী এক ক্রীড়াঙ্গন/ ক্রীড়া হলো শান্তির প্রাঙ্গণ’। গাইলেন আসামের আরেক জনপ্রিয় শিল্পী ময়ূখ হাজারিকা। ভূপেন হাজারিকার গানটাই ১২তম এসএ গেমসের থিম সং।
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে বসে বাংলা গানের মূর্ছনায় মাথা দোলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২ দিনের এই গেমসের বর্ণিল উদ্বোধন ঘোষণা করলেন মোদি আটটি দেশের নদীর পানি এক পাত্রে ঢেলে। সত্যিই কাল আফগানিস্তানের কাবুল, বাংলাদেশের পদ্মা, পাকিস্তানের সিন্ধু, নেপালের কোশি, ভুটানের মানস, মালদ্বীপের হ্রদ আব্রু, শ্রীলঙ্কার মহাবলী আর ভারতের ব্রহ্মপুত্রের পানি ঢালা হলো এক পাত্রে। আট জলাশয় যেন এক মোহনায় গিয়ে মিশল ভারত মহাসাগরে। আটটি দেশের অ্যাথলেটরা খেলার আনন্দে মিলে গেলেন এক হয়ে।
শুরুতেই আসাম পুলিশ ব্যান্ড দলের পরিবেশনা। এরপর আয়োজক কমিটির কর্মকর্তাদের স্বাগত বক্তব্য, তারপরই মাঠে এলেন অ্যাথলেটরা। সবার আগে আফগানিস্তান। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এরপরই বাংলাদেশ। মেয়েদের পরনে ছিল লাল-সবুজ শাড়ি। ছেলেদের গায়ে কালো ব্লেজার। বাংলাদেশের পতাকা বহন করলেন ২০০৪ ইসলামাবাদ গেমসে সাঁতারে সোনাজয়ী রুবেল রানা। অথচ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ঢাকায় ঘোষণা দিয়েছিল, ভারোত্তোলক হামিদুল ইসলামের হাতে থাকবে এই পতাকা! একে একে ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা দল আসে মাঠে। সব শেষে স্বাগতিক ভারত, সঙ্গে মাসকট শিশু গন্ডার ‘টিকর’।
তৃতীয়বারের মতো ভারতে বসেছে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’খ্যাত এই ক্রীড়াযজ্ঞ। উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে কোনো কার্পণ্য রাখেনি আয়োজকেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ স্টেডিয়ামের প্রায় হাজার ত্রিশেক দর্শক গ্যালারিতে যেন মন্ত্রমুগ্ধ দর্শক।
ঝুপ করেই অন্ধকার নেমে আসে স্টেডিয়ামে। মুঠোফোনের বাতিগুলো তখন যেন জোনাকি পোকা! দৈত্য পর্দায় দেখানো হলো গেমসের মশাল-যাত্রার বিভিন্ন ছবি। মাঠের মাঝখানের মঞ্চে আলো-আঁধারির রঙিন খেলায় ফুটে ওঠে গেমসের লোগো। অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটার গগন নারাং মশাল হাতে আসেন অ্যাথলেটিকস ট্র্যাকে। এরপর আসামের টিটি খেলোয়াড় মোনালিসা, কৃষ্ণা পূর্ণিয়া, অঞ্জু ববি জর্জের হাত ছুঁয়ে সিকিমের ফুটবলার বাইচুং ভুটিয়া মশাল বয়ে নিয়ে এলেন মঞ্চে। ভারতের সাবেক অধিনায়ক বাইচুংই জ্বালালেন গেমসের মশাল। যে মশাল নিভবে ১৬ ফেব্রুয়ারি।
শিলংয়ের ব্যান্ড দল শিলং চেম্বার কয়ার নিজস্ব ঢঙে গাইলেন ভারতের দেশাত্মবোধক গান, ‘বন্দে মাতরম...’। গাওয়া হলো ‘জয় হো...’। ভারতের তেরঙা পতাকা গায়ে এঁকে একদল তরুণ অসাধারণ এক কোরিওগ্রাফি দেখালেন। নাচে গানে মেঘালয়ের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ফুটিয়ে তোলা হলো। জেলেরা মাছ ধরলেন জাল দিয়ে। হাজারো প্রজাপতি উড়ল। কাঠ কাটল কাঠুরিয়া। আঞ্চলিক নৃত্যটাও মন রাঙিয়েছে সবার।
এরপর ডিজিটাল সাইকেলের সাদা আলোয় মাঠে চক্কর দিলেন এক দল তরুণ। লাইটিং, লেজার শো—ছিল চোখ-ধাঁধানো সব উপস্থাপনা। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামবাসীকে দিলেন আনন্দ সংবাদ, ‘আগামী বছর ফিফা অনূর্ধ্ব-১৯ ফুটবল বিশ্বকাপের অন্যতম ভেন্যু হবে গুয়াহাটি।’ এই আনন্দের মাঝে বাংলাদেশ ফুটবল পেয়েছে দুঃখের সংবাদ।
কাল বিকেলে অনুষ্ঠানের উদ্বোধনী হলেও সকালেই শুরু হয় খেলা। ফুটবলে হার দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের। শিলংয়ে মেয়েদের ফুটবলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছে নেপালের কাছে। নেপাল প্রথম গোল পায় দ্বিতীয় মিনিটেই, ১৭ মিনিটে দ্বিগুণ করে ব্যবধান। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা আসলে তখনই শেষ, শেষ দিকে তো আরেকটি গোল করে নেপাল দেখিয়েছে তাদের শক্তিমত্তা। নেপালের তিন গোলদাতা দীপা অধিকারী, অনু লামা ও নিরু থাপা।
উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি অংশ আজ হবে শিলংয়ে। সেখানে অংশ নেবেন শুধুই খেলোয়াড়েরা।