বর্ণিল বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমিই নেইমার’
রাকিবুল ইসলাম শ্রমজীবী শিশু। পড়ে রাজশাহী নগরের ইউসেপ স্কুলে। অষ্টম শ্রেণিতে। বাড়ি ফিরে আবার খড়ের দোকানে কাজে যেতে হয়। কিন্তু বিশ্বকাপ তাকেও দোলা দিয়েছে। ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের তারকা নেইমারের ভক্ত সে। গত বুধবার নগরের ছোট বনগ্রাম ইউসেপ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে দেখে তাক লেগে যান। রাকিবুল চুল কেটে এসেছে ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের ঢঙে। বুধবার সারা দিন স্কুলে তাকে নিয়ে শিক্ষার্থীদের মাতামাতির শেষ ছিল না। সে বলে, ‘আমিই নেইমার’৷
আর্জেন্টিনার জার্সি পরা ওরা ১১ জন
রাজশাহী নগরের উপশহর এলাকার ক্যাভিয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আবদুল জাব্বার করেছেন আরেক কাণ্ড। তিনি আর্জেন্টিনার সমর্থক। তিনি খেয়াল করলেন তাঁর হোটেলের ১০ জন কর্মচারীর সবাই আর্জেন্টিনার সমর্থক। আবদুল জব্বার তাঁদের সবাইকে আর্জেন্টিনার জার্সি কিনে দেন। চলতি মাসের শুরু থেকে তাঁরা প্রতিদিন এই জার্সি পরে দোকানে আসছেন। আবদুল জব্বারসহ ১১ জন মানুষ প্রতিদিন হোটেলে আর্জেন্টিনার জার্সি পরে থাকেন। কোনো পর্বে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়লে জার্সি বাদ দেওয়া হবে কি না—জানতে চাইলে আবদুল জব্বার বলেন, ‘প্রশ্নই ওঠে না৷ কারণ, আমার প্রিয় দল হেরে গেলেই পক্ষত্যাগ করব, তা ঠিক না।’
দোকানেই বিশ্বকাপের আসর!
আবদুর রশিদ রাজশাহী কলেজের কর্মচারী। বিকেলে ফোন-ফ্লেক্সির দোকান চালান। রাজশাহী কলেজের ছাত্রীনিবাসের ফটকের বিপরীতে দেয়াল-ঘেঁষে তাঁর ছোট্ট দোকান। তিনি মাটি দিয়ে তৈরি করেছেন ফুটবল বিশ্বকাপের আদলে একটি কাপ। তাতে সোনািল রং লগিয়েছেন। দেখলে মনে হয়, এটিই বুঝি আসল কাপ৷ কাপটি সন্ধ্যায় এনে সামনে রাখেন। পেছনের দেয়ালটি তিনি করেছেন বহুবর্ণিল৷ দেয়ালের ওপরে বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া ছয়টি দেশের পতাকা এবং মাঝখানে একটু উঁচু করে বাংলাদেশের পতাকা টানানো হয়েছে। পাশে খড়ের রঙিন গোল ছাউনি রয়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই ছাউনির ভেতর থেকে দেয়ালের ওপরে রঙিন আলো বিচ্ছুরিত হয়। দেখেই মনে হয়, চোখধাঁধানো বিশ্বকাপের আসর এখন তার দোকানেই। আবদুর রশিদ আর্জেন্টিনার সমর্থক। তাই দেয়ালের বাকি প্রায় ৩০ ফুটজুড়ে তিনি আর্জেন্টিনার পতাকা এঁকেছেন। জানান, এতে তাঁর তিন হাজার টাকা খরচ হয়েছে।
ফেরিওয়ালার ডালা ব্রাজিলের পতাকা
রেন্টু ইসলাম রাজশাহী রেলস্টেশনে ফেরি করে ছোলা-চানাচুর বিক্রি করেন। বিশ্বকাপ তাঁকেও নাড়া দিয়েছে। তিনি ব্রাজিলের সমর্থক। ডালায় এমনভাবে পসরা সাজিয়েছেন যে তাঁর ডালাটিই হয়ে উঠেছে ব্রাজিলের পতাকা। রেন্টুর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট গ্রামে। প্রায় ১০ বছর ধরে তিনি স্টেশনের ছোলা বিক্রি করেন। ব্রাজিলের পতাকার সবুজ রঙের জন্য ব্যবহার করেছেন কুচি কুচি করে কাটা কাঁচা মরিচ৷ মাঝখানের হলুদ রঙের জন্য ব্যবহার করেছেন চানাচুর। কালো বৃত্ত সাজিয়েছেন সেদ্ধ ছোলা দিয়ে। আড়াআড়ি সাদা রঙের জন্য দিয়েছেন শসাকুচি।