বর্ণিল ম্যারাডোনা থাকছেন তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিশ্বকাপ নতুন রূপে আবিষ্কার করেছে তাঁকে। অনেক বেশি গোছানো, পরিপাটি একজন। অনেক বেশি সুস্থির। প্রায় সময়ই নিশ্চল দাঁড়িয়ে থাকেন ডাগ-আউটে, সহকারীদের পরামর্শ শোনেন মন দিয়ে। তাই বলে যে উছলে পড়া আবেগের জন্যই বিশ্বজুড়ে তাঁর পরিচয়, সেটিও কিন্তু একেবারে চাপা পড়ে নেই। দলের কোনো খেলোয়াড় গোল করলেই পেশাদারির খোলসে বন্দী ভেতরের মানুষটা বেরিয়ে পড়ে। শিশুতোষ আনন্দে কোলে চড়ে বসেন অন্যের। তখনই বোঝা যায়, এই তো আসল ডিয়েগো ম্যারাডোনা!সেই কৈশোর থেকে তিনি আলোচনায়। যত দিন খেলেছেন, তত দিনই জন্ম দিয়ে গেছেন খবর। খেলা ছাড়ার পরও ছিলেন আকর্ষণের কেন্দ্রে। আর এই বিশ্বকাপে কেবল ম্যারাডোনার জন্যই তো বরাদ্দ পত্রিকার পাতা কিংবা টিভি চ্যানেলগুলোর একটা বড় অংশ। এই বিশ্বকাপে ম্যারাডোনা হাজির হয়েছেন নতুন এক স্টাইল নিয়ে। ম্যারাডোনার স্টাইলও অন্যতম দ্রষ্টব্য এই বিশ্বকাপের।ভীষণ আবেগী বলেই যুক্তির ধার কম ধারেন। লোকে কে কী ভাবল এ নিয়ে পরোয়া করেন সামান্যই। যা বিশ্বাস করেন, কোনো রাখঢাক না রেখেই বলে ফেলেন স্পষ্ট করে। জীবন যেসব অবিশ্বাস্য অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে গেছে তাঁকে, তাতে ঈশ্বরের বিশেষ কৃপা যে আছে সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। ম্যারাডোনা নিজেও তাই প্রবলভাবে ঈশ্বরবাদী।সৃষ্টিকর্তার ওপর সব সময়ই অগাধ আস্থা তাঁর। বাছাইপর্বে আর্জেন্টিনার বিদায় একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। দেশজুড়ে, পৃথিবীর সমগ্র আর্জেন্টাইন সমর্থকেরা যখন হালভাঙা নাবিকের মতো দিশেহারা, ম্যারাডোনা তখনো নিশ্চল। ‘দাঁড়িঅলা বুড়ো লোকটা’ (যিশু) তাঁকে নাকি আশ্বস্ত করে গেছে বারবার। হবেও হয়তো। এই ম্যারাডোনা তো এখনো বেঁচে আছেন সেটিই বিস্ময়ের। নেশার অতলে ডুবে গিয়েছিলেন। শরীরের আকার হয়ে গিয়েছিল বেঢপ। সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বেঁচে গেছেন ঠিকই। যে আর্জেন্টিনাকে একসময় বড্ড নড়বড়ে একটা দলের মতো দেখাচ্ছিল, তারাই এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল ঢুকিয়েছে প্রতিপক্ষের জালে।মাঠের খেলা দিয়ে মেসি-হিগুয়েইন-তেভেজরা নজর কাড়ছেন। কিন্তু কোচের ওপর থেকে আলোটা তারা সরিয়ে নিতে পারছেন সামান্যই। এই বিশ্বকাপে কোন কোচটা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সারিতে অনেক বছর আগের কোনো এক বন্ধুর দেখা পেয়ে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে ছুটে গেছে বলুন!ম্যারাডোনা সংস্কারবাদীও। সুনির্দিষ্ট একটা-দুটো সংস্কার নেই তাঁর। একগুচ্ছ নিজস্ব রেওয়াজ তিনি মেনে চলেন অক্ষরে অক্ষরে। ম্যাচের দিন পরার জন্য নির্দিষ্ট একটা পোশাক আছে তাঁর। অনুশীলনের জন্য সুর্নিদিষ্ট একটা পোশাক। ম্যাচ শুরুর আগে গা গরমের সময় মাঠে হাজির হন ট্র্যাকস্যুট পরে। ম্যাচ চলার সময় ডাগ-আউটে আবার খুঁজে পাওয়া যায় সেই ধূসর স্যুট-টাই পরা পরিপাটি ম্যারাডোনাকে।ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের ব্যাপারেও একটা সংস্কার মেনে এসেছেন। প্রতিটা সংবাদ সম্মেলনই তিনি করেছেন প্রিটোরিয়ার লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে। ম্যারাডোনার নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে, প্রিটোরিয়ার আর চাইলেও থাকতে পারছেন না তিনি। বিশ্বকাপের আর কোনো ম্যাচ নেই এই শহরে।ফলে একটা রেওয়াজ বাধ্য হয়েই ভাঙতে হচ্ছে তাঁকে। অবশ্য দু হাতে দুটো ঘড়ি, হাতে তসবি, কানে দুল, কাচাপাকা দাঁড়ি—এসবই তো তাঁর সঙ্গেই থাকছে। আজকের পর বিশ্বকাপে টিকে থাকবে মাত্র চারটি দল। ঝরে যাবে অনেক তারকা। রং হারাবে বিশ্বকাপ। সেই হারানোর তালিকায় ম্যারাডোনা যেন যোগ না হন, আসুন সেই প্রার্থনাই করি। ম্যারাডোনা ছাড়া এই বিশ্বকাপ যে বড্ড ম্যাড়ম্যাড়েই লাগবে!