বর্তমান ফর্মে খুশি মেসি

সাম্প্রতিক ফর্মে একটার পর একটা সমালোচনার তির ধেয়ে আসছে লিওনেল মেসির দিকে। এই তো কদিন আগে বার্সেলোনার সাবেক সহকারী কোচ আঙ্গেল কাপ্পা বলেই দিলেন, ফুটবলে নাকি মেসির আগের সেই আবেগ নেই! আর্জেন্টিনা অধিনায়ক অবশ্য এসব সমালোচনা গায়ে মাখছেন না। বলছেন, নিজের বর্তমান ফর্মে তিনি খুশিই।
বিবিসিকে মেসি বলেন, ‘খুবই ভালো আছি। পূর্ণ শক্তিতে খেলতে মুখিয়ে আছি। বর্তমান ফর্মে খুশি। ধীরে হলেও নিশ্চিত এ বছরে সঠিক সময়েই জ্বলে উঠব। কেবল আমার জন্যই নয়, বার্সেলোনা ও আর্জেন্টিনার জন্যও সেরা বছর হবে এটি।’
প্রতিটি নতুন মৌসুমই চ্যালেঞ্জর বলে মনে করেন মেসি, ‘এখনো অনেক শিখতে ও প্রচুর উন্নতি করতে হবে। বার্সেলোনায় আমরা সব সময়ই গুরুত্বপূর্ণ শিরোপার জন্য খেলি। সবগুলো জিততে মুখিয়ে থাকি। প্রতিটি মৌসুমই চ্যালেঞ্জ।’
বিশ্বকাপ নিয়েও বললেন মেসি, ‘আশা করি, এ বছরের আদর্শ সময়ে নিজের সেরাটা ঢেলে দিতে পারব। বিশ্বকাপে যাওয়ার আগে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারব আশা করি। কেননা বিশ্বকাপের আগে বার্সার হয়ে অনেক ম্যাচ খেলতে হবে। খেলতে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চ্যাম্পিয়ন লিগ, কঠিন লা লিগা ও কোপা ডেল রে। নিজের ফর্ম ধরে রেখে সব জিততে চাই।’ ওয়েবসাইট।