বর্ষপূর্তির পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কালকের অনুষ্ঠানটির পোশাকি উদ্দেশ্য ছিল ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে যুক্ত স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলেন প্রধান অতিথি হয়ে, সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবীন, যুব ও ক্রীড়াসচিব মাহবুব আহমেদ। কিন্তু অনুষ্ঠানটি একটু এগোতেই সেটি রূপ নিল বিশ্বকাপ আয়োজনের বর্ষপূর্তির পুনর্মিলনীতে।আবারও বাতাসে অনুরণন তুলল সেই উদ্বোধনী সংগীত, ‘ও পৃথিবী এবার এসে...।’ বড় পর্দায় সেই উদ্বোধনী অনুষ্ঠান। কানে বাজল মাঠের উল্লাস। যেন ঠিক এক বছর আগে ফিরিয়ে নিয়ে গেল এই শব্দ, দৃশ্য ও রং। ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বর্ষপূর্তিই তো ছিল কাল।বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক বাংলাদেশ ৮টি ম্যাচের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানেরও সফল আয়োজন করেছে। সারা বিশ্বেই এটি প্রশংসিত হয়েছে। কাল প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ক্রীড়াপ্রতিমন্ত্রী, ক্রীড়াসচিব, বিওএ সভাপতি, স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন ও বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের বেশিটা জুড়েই থাকল এই সাফল্যের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের সময়ে ক্রীড়াঙ্গনে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের হাতে ক্রীড়াসরঞ্জাম তুলে দেওয়ার আহ্বান জানালেন সবার প্রতি। ‘আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই যারা হবে জ্ঞানবিজ্ঞান, খেলাধুলায় সেরা। আমরা খেলাধুলার উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা করতে চাই। আমার দৃঢ়বিশ্বাস, সবার সম্মিলিত প্রচেষ্টায় খেলাধুলার ক্ষেত্রে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারব’—বললেন তিনি।প্রধান অতিথির বক্তব্য চলাকালে, বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানের খণ্ডচিত্র প্রদর্শনকালে অনুষ্ঠানস্থল ছিল স্কুল ও কলেজের ছেলেমেয়েদের কলকাকলীতে মুখরিত। এরা সবাই অংশ নিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে। যেকোনো ক্রীড়া আয়োজনের অপরিহার্য অংশ হয়ে থাকা স্বেচ্ছাসেবকেরা তো ছিলেনই। অবদানের স্বীকৃতি দেওয়া হলো তাঁদের সবাইকে। প্রধানমন্ত্রীর পক্ষে তো আর সবার হাতে সনদ তুলে দেওয়া সম্ভব নয়। তিনি তা দিয়েছেন নির্বাচিত প্রতিনিধিদের হাতে।এর আগে স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন বিশ্বকাপের সফল আয়োজনের পেছনে সবার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন। তিনি জানান, বিশ্বকাপে বাংলাদেশ টিকিট বিক্রি থেকে আয় করেছে ২৬ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৮ টাকা।সভাপতির বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল জানান, বিশ্বকাপ থেকে বিসিবির নিট মুনাফা হয়েছে ৫৭ কোটি ৪৯ লাখ টাকা। এই হিসাব নিয়ে মাঝের এক বছরে অনেক কথা হয়েছে। শেষ পর্যন্ত তা পাওয়া গেল। লাভের অঙ্কটা খুব কম নয়। তবে বিশ্বকাপ আয়োজনের সাফল্য নিশ্চয়ই এই টাকার অঙ্কে কেউ মাপতে যাচ্ছে না।