বর্ষসেরা তালিকায় নেই মো ফারাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষসেরা অ্যাথলেটের তালিকায় উসাইন বোল্ট যে থাকছেন, তা নিয়ে কারও মধ্যে কোনো দ্বিরুক্তি থাকার কথা নয়। কিন্তু সবাইকে অবাক করছে এ তালিকায় সোমালীয় বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহর অনুপস্থিতি। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) এ বছরের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচনের জন্য একটি তালিকা তৈরি করেছে। ওই তালিকায় ওপরের দিকেই রয়েছে উসাইন বোল্টের নাম। আর থাকবে না-ই বা কেন, টানা দ্বিতীয়বারের মতো ১০০ ও ২০০ মিটার দৌড়ে অলিম্পিক সোনা জিতেছেন তিনি। ৪০০ মিটারের রিলে দৌড়ে জ্যামাইকার সোনা জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্বের এই দ্রুততম মানব। এরই মধ্যে অ্যাথলেটিকস-জগতের কিংবদন্তি স্বীকৃতি পাওয়া উসাইন বোল্ট যে এবারের বর্ষসেরা অ্যাথলেটের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাবেন, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না। তবে মাত্র তিনজন অ্যাথলেটের এই সংক্ষিপ্ত তালিকা থেকে মো ফারাহর নাম বাদ পড়াটা বেশ অবাকই করেছে অনেককে। এবারের লন্ডন অলিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১০ হাজার ও পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন এই অ্যাথলেট। উসাইন বোল্টের সঙ্গে বর্ষসেরা অ্যাথলেটের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া অন্য দুজন হলেন: যুক্তরাষ্ট্রের আরিয়েস মেরিট ও কেনিয়ার ডেভিড রুশিদা। লন্ডন অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে সোনা জয়ের পর গত সেপ্টেম্বরে ব্রাসেলসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের ফাইনালে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন আরিয়েস মেরিট। ১১০ মিটার হার্ডলসে তিনি দৌড় শেষ করেছেন মাত্র ১২.৮০ সেকেন্ডে। কেনিয়ার ডেভিড রুশিদাও নতুন বিশ্ব রেকর্ড গড়েন এবারের লন্ডন অলিম্পিকে। এক মিনিট ৪০.৯১ সেকেন্ডে দৌড় শেষ করে ৮০০ মিটার ইভেন্টে তিনি এই রেকর্ড গড়েন।২৪ নভেম্বর স্পেনের বার্সেলোনায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে বর্ষসেরা অ্যাথলেটের নাম।