বর্ষসেরা নির্বাচনের সুযোগ পাচ্ছেন আপনিও!
এক ছাদের নিজে সাবেক-বর্তমান ক্রীড়া তারকাদের আলো ঝলমলে উপস্থিতি! শুধু একটি অনুষ্ঠানের সীমা ছাড়িয়ে ক্রীড়াঙ্গনের সার্থক মিলনমেলা হয়ে ওঠা গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার আয়োজিত হচ্ছে আবারও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে কাঙ্ক্ষিত এই অনুষ্ঠানে এবার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন পাঠকেরাও। পাঠকদের ভোটে এবার আলাদা একটি বিভাগে নির্বাচিত হবেন ২০১১ সালের বর্ষসেরা খেলোয়াড়। শুধু ভোট দিয়েই শেষ হয়ে যাচ্ছে না পাঠকদের অংশগ্রহণ। দুই পর্বের জরিপে অংশ নেওয়া পাঠকদের ৫০ জন এবার প্রিয় তারকার পাশে বসে দেখতে পারবেন ১১ জুনের অনুষ্ঠানটি।এদিন রূপসী বাংলা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একই সঙ্গে গত তিন বছরের বর্ষসেরাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। তবে শুধু ২০১১ সালের জন্য যুক্ত হচ্ছে ‘পাঠকের ভোটে সেরা’ এই বিভাগটি। দুই পর্বের জরিপের মাধ্যমে নির্বাচিত হবেন এই বিভাগের সেরা খেলোয়াড়। প্রথম পর্বে ভোটাভুটি হবে এসএমএসের মাধ্যমে। মুঠোফোনের মেসেজে গিয়ে SA লিখে একটি স্পেস দিয়ে বর্ষসেরা তিনজন খেলোয়াড়ের নাম লিখতে হবে। প্রতি খেলোয়াড়ের নামের পর একটি কমা চিহ্ন (,) অবশ্যই দিতে হবে। এসএমএসটি 2221 নম্বরে পাঠাতে হবে ৪ জুন বেলা দুইটার মধ্যে। যেকোনো মুঠোফোন থেকেই পাঠানো যাবে এসএমএসটি।পাঠকদের পাঠানো এই এসএমএসের ভিত্তিতে সর্বাধিক ভোট পাওয়া পাঁচজন খেলোয়াড়ের মনোনীত তালিকা প্রকাশিত হবে প্রথম আলোয়। এরপর শুরু হবে এই পাঁচজনকে নিয়ে দ্বিতীয় পর্বের জরিপ। সেই জরিপে এসএমএসের পাশাপাশি পত্রিকায় প্রকাশিত কুপন পূরণ করেও ভোট দেওয়া যাবে। দ্বিতীয় পর্বের ভোটাভুটির বিস্তারিত নিয়ম জানানো হবে পরে। প্রথম পর্বের জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নির্বাচিত ১০ জন এবং দ্বিতীয় পর্বে অংশ নেওয়াদের মধ্যে নির্বাচিত ৪০ জন পাবেন এই অনুষ্ঠান সরাসরি বসে দেখার সুযোগ। দ্বিতীয় পর্বের জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারও। ২০১১ সালের ‘পাঠকের ভোটে সেরা’ ব্যক্তিকে বেছে নিতে ওই বছর খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন আয়োজকেরা। ‘পাঠকের ভোটে সেরা’ ব্যক্তিদের বেছে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো খেলার ক্রীড়াবিদদের মধ্যে থেকেই।