বর্ষসেরা ফার্গুসন
গত পরশু ঝামেলামুক্ত নির্ঞ্ঝাট একটা দিনই পার করার কথা তাঁর। আগের দিনই কোচিংয়ের সঙ্গে ৪০ বছরের সম্পর্কটা চুকে গেছে। ম্যাচ, অনুশীলন, খেলোয়াড়দের হাতে-কলমে শিক্ষা দেওয়া, ভুল করলে বকুনি, জ্বালাময়ী ভাষণ, প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা—এসব কিছু থেকেই ফার্গির মস্তিষ্ক ছিল মুক্ত। তবে সারা দিন যেমনই যাক, সন্ধ্যায় তাঁকে ঠিকই ছুটতে হলো ফুটবলের এক অনুষ্ঠানে, ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা কোচের পুরস্কার নিতে।বিদায়ের আগে ইউনাইটেডকে জিতিয়েছেন ২০তম লিগ শিরোপা। সেটির ভূমিকা নিশ্চয়ই আছে এই স্বীকৃতিতে। লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে দিয়ে আসছে এই পুরস্কার। এ নিয়ে সর্বোচ্চ চারবার এটি উঠল ফার্গির হাতে। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার এটি পেয়েছেন ইউনাইটেডে তাঁরই উত্তরসূরি হতে যাওয়া ডেভিড ময়েস। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার জিতেছেন দুবার।পুরস্কার হাতে নিয়ে অভিভূত হওয়ার কথা বললেন ফার্গুসন, সঙ্গে একটু রসিকতাও করলেন। আগের দিন কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচে ইউনাইটেডের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্রম। ফার্গুসন তাই বললেন, ‘আমি মনে করি, স্টিভ ক্লার্কেরও (ওয়েস্ট ব্রম কোচ) একটা পুরস্কার পাওয়া উচিত। কারণ, ইউনাইটেডের বিপক্ষে কেউ ৫ গোল করলে এটা তার পাওনা।’ রয়টার্স।