বল কুড়ানি কুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাড়ির প্রহরী কিংবা অপরাধী ধরতে পুলিশের সহকারী—এমন কত ভূমিকাতেই তো কুকুর দেখেছেন। কিন্তু টেনিস কোর্টে বল বয়ের ভূমিকায় দেখেছেন কি? না দেখে থাকলে ব্রাজিল ওপেন দেখতে পারেন। টুর্নামেন্টের আগে প্রদর্শনী ম্যাচে বল কুড়িয়ে আনার দায়িত্ব পালন করছে চারটি কুকুর! উদ্দেশ্যটা মহৎ—সাও পাওলোর রাস্তায় আশ্রয়হীন অবস্থায় ঘুরতে থাকা কুকুরগুলোর প্রতি মানুষের ভালোবাসার নজর ফেরানো। ম্যাচে তাদের আদুরে কর্মকাণ্ডে গ্যালারিতে থাকা দর্শক, খেলোয়াড়েরাও অনেক মজা পেয়েছেন। গলায় কমলা রঙের স্কার্ফ, সামনের দুপায়ে দস্তানা—পোশাকেও পুরো ‘বল-ডগে’র ভাবটা ছিল।
কুকুরগুলোর দায়িত্ব ছিল দৌড়ে বল কুড়িয়ে নিয়ে আসা, আর সেগুলো খেলোয়াড়দের কাছে ফেরত দেওয়া। তবে সে দায়িত্ব পালন করতে গিয়ে একদমই ‘পেশাদার’ ছিল না তারা। মুখে চেপে ধরে বল কুড়িয়ে আনার কাজটি উৎসাহ নিয়েই করছিল, কিন্তু বল ফেরত দেওয়াতেই তাদের যত আপত্তি। খেলোয়াড়দের হাতে না দিয়ে বরং মুখে বলটি ধরে রেখেই তাঁদের চারপাশে ঘুরছিল। তবে তাতে বিরক্ত নয়, বরং আনন্দই পেয়েছেন সবাই। ফক্স স্পোর্টস।