বল টেম্পারিং করেছেন সিডল!
অস্ট্রেলিয়ার মিডিয়াম ফাস্ট বোলার পিটার সিডলের বিরুদ্ধে ‘বল টেম্পারিং’ করার অভিযোগ এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।শ্রীলঙ্কা দলের দাবি, তাদের প্রথম ইনিংসের ৮৮তম ওভারে প্রসন্ন জয়াবর্ধনেকে বল করার সময় টেম্পারিং করেন সিডল। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে, হাতের নখ দিয়ে বলে আঁচড় কাটছেন সিডল।লঙ্কান দলের ম্যানেজার চারিথ সেনানায়েক জানিয়েছেন, হোবার্ট টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ‘রিয়েল টাইম ভিডিও’ থেকে ব্যাপারটা বুঝতে পারেন সাজঘরে থাকা লঙ্কান ক্রিকেটাররা। পরে ভিডিও ফুটেজটা সংগ্রহ করা হয়।সেনানায়েক বলেন, ‘ফুটেজ আমাদের কাছে রয়েছে। ম্যাচটা আমরা রেকর্ড করেছি যেন সবাই দেখতে পারে। আমরা অবৈধ কিছু দেখতে পেয়েছি এবং এর প্রতিক্রিয়া জানিয়েছি।’শ্রীলঙ্কা এখনো ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি জানিয়ে সেনানায়েক বলেন, ‘ব্যাপারটা নিয়ে আমি ম্যাচ রেফারির সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেছি। এখন তাঁদের উচিত ব্যবস্থা নেওয়া। কিন্তু তাঁরা ব্যবস্থা না নিলে আনুষ্ঠানিক অভিযোগ করতে হবে আমাদের।’এদিকে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে অবগত আছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, বল টেম্পারিং ইস্যুতে মিডিয়ায় প্রকাশিত খবর সম্পর্কে ম্যাচ রেফারি ক্রিস ব্রড অবগত আছেন। তবে এ নিয়ে শ্রীলঙ্কা এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি। সূত্র: ক্রিকইনফো।