প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনচন থেকে প্রতিনিধি l নেটে দু-তিনটি বল করেই অসন্তুষ্ট হলেন মাশরাফি বিন মুর্তজা, ‘এই বল দিয়ে সুইং হবে না। আর হলেও যে কয়টা বলে হবে, সব কয়টাতেই চার খাব।’ বোলিংয়ের সময় একবার সাকিব আল হাসানের হাত থেকেও বল ছুটে চলে গিয়েছিল অন্যদিকে। কিন্তু কী সমস্যা বলে? খোঁজ নিয়ে জানা গেল, এশিয়ান গেমসের ক্রিকেটে খেলা হচ্ছে পাকিস্তানের এজে বল দিয়ে আর বাংলাদেশ দল অনুশীলন করে অভ্যস্ত আন্তর্জাতিক মানের কোকাবুরা বলে। কোকাবুরার তুলনায় এজে বেশ নিম্নমানের বল। মহিলা ক্রিকেটের সময়ও নাকি এই বল নিয়ে অভিযোগ করেছিল দু-একটা দল। কিন্তু খেলতে যখন হবেই, এজে বলের সঙ্গে মানিয়ে নেওয়াই ভালো। কাল বাংলাদেশ দলের অনুশীলনে সে কারণেই ঢাকা থেকে নিয়ে আসা কোকাবুরা বল বাদ দিয়ে বোলিং হলো আয়োজকদের সরবরাহ করা এজে বল দিয়ে।