বল নয়, পিচ টেম্পারিংয়ে শাস্তি ওয়েডের!

বল টেম্পারিংটা ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত শব্দ। ক্রিকেট বলের স্বাভাবিকতা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে সুবিধা আদায়ের জন্য অবৈধ এই কাজটা করে থাকেন কিছু কিছু বোলার বা ফিল্ডার। এই তো কিছুদিন আগে এ অভিযোগে শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। কিন্তু পিচ টেম্পারিং? এমন অভিযোগও বিরল, বিরল এই অভিযোগে শাস্তি পাওয়ার ঘটনাও। সেটাই পেলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।
শেফিল্ড শিল্ড টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচে ওয়েড খেলেছেন ১১৯ রানের ইনিংস। তাসমানিয়ার বিপক্ষে তাঁর দল ভিক্টোরিয়াও পেয়েছে ১২৯ রানের জয়। কিন্তু প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পথে ব্যাটিংয়ের সময় ওয়েড ইচ্ছাকৃতভাবে পিচের সংরক্ষিত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত করেছেন বলে অভিযোগ করেছেন ম্যাচের দুই আম্পায়ার ইয়ান লক ও স্যাম নোগাসকি। তাঁদের দৃষ্টিতে এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লঙ্ঘন। পিচ টেম্পারিংয়ের দায়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে ওয়েডকে। নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচে।
ওয়েড অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগও আছে তাঁর সামনে। তবে তাঁর ক্লাব ভিক্টোরিয়া আবেদন করবে কি না, সেটি এখনো পরিষ্কার নয়। ওয়েডের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিস্তারিত পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী টনি ডোডেমেইড।