বল পায়ে আমি স্বার্থপর নই: মেসি
লিওনেল মেসির সমালোচকেরা তাঁর একটি খুঁত বের করতে পারলে যেন বর্তে যান। যে খেলোয়াড়টি মাত্র ৪১৯টি ম্যাচ খেলে ৩০০ গোলের অনন্য রেকর্ড স্পর্শ করেছেন; যিনি এর আগে তিনবার ব্যালন ডি’অর জিতেছেন; এবারও ব্যালন ডি’অর জয়ে যাঁর সম্ভাবনা প্রবল, তাঁর খেলায় খুঁত বের করতে পারা তো বিশাল পাণ্ডিত্যেরই পরিচয়। ইদানীং মেসিকে নিয়ে যে অভিযোগটা সবচেয়ে বেশি প্রকট, তা হলো—বল পায়ে গেলে তিনি আর তা ছাড়তে চান না। বল নিয়ে স্বার্থপরের মতো একাই ছুটতে চান তিনি। তবে অভিযোগটি শুনে চিরকালীন স্থিতধী ও বিনয়ী মেসির বক্তব্য, বল পায়ে তিনি মোটেই স্বার্থপর নন।গত মৌসুমে স্প্যানিশ লিগে ৫০ গোলের অধিকারী, দুদিন আগেই জিতেছেন গোল্ডেন বুট। ফিফা বর্ষসেরা ফুটবলারের নির্বাচন তালিকায়ও মেসি নাকি রয়েছেন সুবিধাজনক অবস্থানে। ২৩ জন ফুটবলারকে নিয়ে যে সংক্ষিপ্ত তালিকা তৈরি হয়েছে, তাতে মেসি আছেন বেশ ওপরের দিকেই। তাই বিভিন্ন গণমাধ্যমও এ মুহূর্তে মেসি-বন্দনায় ব্যস্ত। স্পেনের বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘মারকার’ সঙ্গে এক সাক্ষাত্কারে মেসি বিনয়ের সঙ্গেই জানিয়েছেন, তাঁর বিপক্ষে করা এই অভিযোগ একেবারেই ভুল। তিনি বল পায়ে কখনোই স্বার্থপরের মতো আচরণ করেন না। ‘আমি কখনোই নিজেকে বল পায়ে স্বার্থপর মনে করি না। যদিও অনেকে তা-ই মনে করে।’ মেসির মন্তব্য।তবে মেসির পরের কথাতেই বেরিয়ে এসেছে তাঁর বিনয়ের ব্যাপারটি। ‘আমি সব সময়ই অন্যের চিন্তাভাবনা ও বক্তব্যকে গুরুত্ব দিই। কারণ, ওগুলোর দ্বারাই আমি নিজেকে প্রতিনিয়ত উন্নত এক ফুটবলার হিসেবে গড়ে তুলছি।’মেসি বলেন, ‘আমি এখন যেভাবে খেলি, এটাই আমার নিজস্ব খেলার ভঙ্গি। ছোটবেলা থেকে আমি এভাবে ফুটবল খেলছি।’ তিনি বলেন, ‘যুব ফুটবল আমাকে অনেক কিছুই শিখিয়েছে।’ মেসি বার্সেলোনা ও আর্জেন্টিনার খেলার ধরনের পার্থক্য তুলে ধরে বলেন, এখানে বল নিয়ে অনেক কিছু করার স্বাধীনতা থাকে। ভিন্ন ভিন্ন ট্যাকটিকসও প্রয়োগ করা যায়। কিন্তু আর্জেন্টিনায় ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। ওখানে ফুটবলে রানিংটা খুবই গুরুত্বপূর্ণ।বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মেসি। তিনি বলেন, জয়ের ব্যাপারটি এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয়ের অভ্যাসই একটি দলকে বদলে দেয়, আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে ভিন্ন কিছু করার সাহস জোগায়।জীবনে প্রায় সবকিছু পেলেও আর্জেন্টিনার হয়ে এখনো বড় কোনো প্রতিযোগিতা জিততে পারেননি মেসি। ব্যাপারটি নিয়ে তাঁর মধ্যেও আছে খচখচানি। তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো হয় ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপটা যদি আমরা জিতে যেতে পারি।’সম্প্রতি ভূমিষ্ঠ হওয়া নিজের সন্তানকে ফুটবলার বানাবেন কি না, তা এখনো জানেন না তিনি। সন্তান থিয়াগোকে তিনি নিজের ভবিষ্যত্ করণীয় সম্পর্কে সিদ্ধান্তগুলো নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেবেন বলে জানান। মেসি বলেন, ‘আমি এখনো জানি না যে ও বড় হয়ে কী হবে। তবে নিজের পেশা বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা সে পাবে। সে যে পেশাই বেছে নেবে, সেটা আমার ও তার মাকে খুশি করবে বলেই আমার বিশ্বাস।’ ওয়েবসাইট।