বল যেদিন থামিয়ে দিয়েছিল বুলেটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক শতাব্দী আগে এভাবেই যুদ্ধ থামিয়ে ফুটবলে মেতে উঠেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকেরা (ডানে)। বেলজিয়ামের ওয়ারনেটনে স্থানীয় মেয়রকে নিয়ে পরশু সেই ম্যাচের শততম বার্ষিকীতে স্মারক উন্মোচন করলেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি l এএফপি, ক্রনিকললাইভ
এক শতাব্দী আগে এভাবেই যুদ্ধ থামিয়ে ফুটবলে মেতে উঠেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকেরা (ডানে)। বেলজিয়ামের ওয়ারনেটনে স্থানীয় মেয়রকে নিয়ে পরশু সেই ম্যাচের শততম বার্ষিকীতে স্মারক উন্মোচন করলেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি l এএফপি, ক্রনিকললাইভ

যুদ্ধের চেয়ে বড় বিভীষিকা কী আর আছে? বিশ্বযুদ্ধ যাঁরা দেখেছেন, তাঁরা উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা নিজের চোখে দেখেছেন, এমন অনেককেই এখনো পাওয়া যাবে। তবে প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা মনে আছে, এমন কাউকে এখন খুঁজে পাওয়া যাবে কি না, সন্দেহ। আজ থেকে ঠিক ১০০ বছর আগের সেই রক্তঝরা দিনগুলো তো এখন ইতিহাসের পাতায় লেখা। কিন্তু ১০০ বছর আগের এই ডিসেম্বরে যুদ্ধের দামামার মধ্যেও ফুটবল বাজিয়েছিল সম্প্রীতির সুর। রাইফেল ছেড়ে সৈনিকেরা নেমে পড়েছিল মাঠে, বুলেটের বদলে শত্রুর জালে ঢুকিয়ে দিয়েছিল বল। ‘বড়দিনের সন্ধি’ নামে বিখ্যাত হয়ে যাওয়া সেই ম্যাচের শতবার্ষিকী পূর্ণ হচ্ছে আর তিন দিন পর।
বেলজিয়ামের নিভৃত গ্রাম প্লুসটির্টের মাঠ সেঁত-ইভোঁ। সবুজে ঢাকা এই মাঠ দেখে এখন কল্পনা করা কঠিন, ১০০ বছর আগে জায়গাটা রীতিমতো বধ্যভূমিতে পরিণত হয়েছিল। একপক্ষে জার্মানি-অস্ট্রিয়া-অটোমানদের কেন্দ্রীয় শক্তি, অন্যদিকে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্সের মিত্রশক্তি। ঝাঁক বেঁধে আসা বুলেটের ঠা-ঠা শব্দ, মর্টারের অবিশ্রাম নিনাদ, আহত লোকজনের আহাজারি। যুদ্ধ তার সবটুকু নৃশংসতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এখানে।
ডিসেম্বর আসার আগেই অবশ্য থিতিয়ে এল যুদ্ধের উন্মত্ততা। অস্ত্রবিরতির পর পরিখা থেকে বেরিয়ে এল সৈনিকেরা, নিজেদের মধ্যে খাদ্য-স্মারকও বিনিময় হলো। কিন্তু দুই পক্ষের ভাষা আলাদা, সৌহার্দ্য বিনিময়ের জন্য অভিন্ন একটা ভাষা তো চাই। ফুটবলের চেয়ে মোক্ষম সেতুবন্ধন আর কী হতে পারে? পশ্চিম রণাঙ্গনের ‘নো ম্যানস ল্যান্ডে’ তাই হয়ে গেল একটা ফুটবল ম্যাচ। ১৩৪তম স্যাক্সন রেজিমেন্টের একজন সৈনিক কুর্ট জেহমিশ জানিয়েছিলেন, জার্মানরা ম্যাচটা জিতেছিল ৩-২ গোলে।
জার্মানির একজন লেফটেন্যান্ট ইয়োহানেস নাইমান পরে লিখেছেন, ‘হঠাৎ দেখি একজন টমি (ব্রিটিশ সৈন্য) একটা ফুটবল নিয়ে নেমে পড়ল। তখন ভীষণ শীতে কাদা জমে গিয়েছিল। সেখানেই খেলা হয়েছিল, ফ্রিৎজরা (জার্মান সৈন্যরা) জিতেছিল ৩-২ গোলে।’ ব্রিটেনের লেফটেন্যান্ট চার্লস ব্রুকব্যাঙ্ক তাঁর দিনপঞ্জিকায় লিখেছিলেন, ‘দুই পাশে খেলা দেখতে বিশাল ভিড় জমেছিল। রাবারের যে বল দিয়ে খেলা হয়েছিল, সেটা অবশ্য খুব একটা বড় ছিল না।’ ম্যানচেস্টারের ফুটবল জাদুঘরে সংরক্ষিত আছে ব্রুকব্যাঙ্কের এই ডায়েরি।
এমন নয় যে দুই পক্ষের ঊর্ধ্বতন কর্তারা খুব ভালোভাবে নিয়েছিলেন ব্যাপারটা। অলিখিত এই সন্ধি অনেকেই মেনে নেননি। কিন্তু এর পর থেকে অসংখ্য গান, চলচ্চিত্র, বিজ্ঞাপনের অনুপ্রেরণা হয়ে আছে বড়দিনের সেই সন্ধি। বিটলস সদস্য পল ম্যাকার্টনির বিখ্যাত গান ‘পাইপস অব পিসের’ কথা আলাদা করে বলতেই হয়।
মজার ব্যাপার হচ্ছে, সেই ম্যাচে হয়তো কোনো পেশাদার খেলোয়াড়ও নেমেছিলেন। সেই সময় ইউরোপে প্রায় পাঁচ হাজারের মতো পেশাদার ফুটবলার ছিলেন, যাঁদের তিন হাজারই যোগ দিয়েছিলেন যুদ্ধে। এমনকি কোনো ব্যাটালিয়নের নামও হয়ে গিয়েছিল ‘ফুটবল ব্যাটালিয়ন’। লন্ডনের ক্লাব লেইটন ওরিয়েন্টের ৪০ জন খেলোয়াড় যোগ দিয়েছিলেন যুদ্ধে, স্কটল্যান্ডের সে সময়ের শীর্ষ ক্লাব হার্টসের পুরো দলটাই হাতে তুলে নিয়েছিল অস্ত্র। রণাঙ্গনেই মারা গিয়েছিলেন হাডার্সফিল্ডের ডিফেন্ডার লরেন্ট রোবাক। সেটাও এই সেঁত-ইভোঁতেই।
এমন একটা ঐতিহাসিক ম্যাচের শত বছর পূর্তিতে কিছু একটা তো হতেই হয়। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি পরশু সেঁত-ইভোঁতে উন্মোচন করলেন একটা স্মারক-একজন ফুটবলারের পাথুরে মূর্তি। একটি তথ্যচিত্রও নির্মিত হয়েছে এই উপলক্ষে, ‘বড়দিনের সন্ধির’ কয়েকজন সৈনিকের লেখা চিঠি পাঠ করেছেন ইংল্যান্ড-কিংবদন্তি ববি চার্লটন ও ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম। চার দিন পর দক্ষিণ ইংল্যান্ডে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ইংলিশ ও জার্মান সৈন্যদের। তবে ম্যাচটা বিশ্বের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাবে ওয়েলশের ক্রীড়ামন্ত্রী কেন স্কেটসের কথা থেকে, ‘বুলেট সেদিন হয়ে গিয়েছিল বল। মানবতা পরাস্ত করেছিল বর্বরতাকে।’ এএফপি, স্টারডটকম।