বল হলেই হলো
বল হলেই হলো। সেটা ফুটবলের মতো বড় হোক কিংবা টেনিসের মতো ছোট। জাদু তিনি দেখাবেনই। কদিন আগে টেনিসের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ খেলতে গিয়েছিলেন আরব আমিরাতে। সেখানেই আল ওয়াসল কোচ ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে সাক্ষাৎ। পরিচয়ের ফাঁকে ম্যারাডোনা তাঁর বিখ্যাত বাঁ পা দিয়ে টেনিস বল নিয়ে বেশ কারিকুরি করে দেখিয়েছেন। টেনিস বলটা মাটিতে পড়তে না দিয়ে পা দিয়ে টানা নাচিয়ে গেছেন, যে দক্ষতা এখনকার অনেক নামী ফুটবলারের কাছেও ঈর্ষণীয়। রসবোধের কারণে আলাদা পরিচিতি পাওয়া জোকোভিচও বলেছেন, ‘গ্রেট ডিয়েগোর পাশে থাকতে পারাটাই বিরাট আনন্দের। দেখে মনে হলো, বলের আকার তার কাছে কোনো ব্যাপারই না।’টেনিস বল দিয়ে শুধু ফুটবলের কারিকুরিই করেননি, জোকোভিচের সঙ্গে টেনিসও খেলেছেন। এবং সব শেষে ভক্তকুলে যোগ করেছেন গত বছর তিনটি গ্র্যান্ড স্লাম জেতা তারকাকেও। ‘তিনি তো খেলাটার কিংবদন্তি। টেনিস র্যাকেটেও নিজের প্রতিভা দেখিয়ে দিলেন। আমি ফুটবল যতটা ভালো খেলি, তিনি টেনিস তার চেয়েও বেশি ভালো খেলেন’—বলেছেন মুগ্ধ জোকোভিচ। ওয়েবসাইট।