বল হাতে আলো ছড়াবেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে আলো ছড়াতে পারেন এই পাঁচ তারকা বোলার।
বল হাতে আলো ছড়াতে পারেন এই পাঁচ তারকা বোলার।

বাংলাদেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। আসুন জেনে নিই এই আসরে বল হাতে আলো ছড়াবেন কারা। এই তারকাদের বেছে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কন্ডিশন মাথায় রাখা হয়েছে

সাঈদ আজমল (পাকিস্তান)

সুনীল গাভাস্কার তাঁকে বলেন ‘দ্য ম্যাজিশিয়ান’। আজমলের স্পিন-জাদুতে হর-হামেশাই নাকানি-চুবানি খান বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানেরা। বাংলাদেশের স্পিনিং উইকেটে এই অফস্পিন জাদুকর আরও ভয়ংকর হয়ে উঠবেন। ব্যাটসম্যানদের পড়তে পারার ক্ষমতা, বোলিং বৈচিত্র্য, দুসরা—সবই তাঁকে ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন করে তুলবে। ইনিংসের শুরুতে উইকেট তুলে নিয়ে, ব্যাটিং পাওয়ার প্লে বা স্লগ ওভারে রানের চাকা আটকে রেখে পার্থক্য গড়ে দিতে পারেন একাই। ৫৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৮১টি উইকেট পেয়েছেন। টি-টোয়েন্টির সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনিই। গত এশিয়া কাপেও ছিলেন যৌথ সর্বোচ্চ উইকেটের মালিক।

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

মালিঙ্গার বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি তাঁর বিচিত্র বোলিং অ্যাকশন। অ্যাকশনের কারণেই টি-টোয়েন্টি মালিঙ্গা আরও কার্যকর। ভয়ংকর সব ইয়র্কার কিংবা ব্লক হোলে টানা বল করে যেতে সক্ষম। গত টি-২০ বিশ্বকাপের রানার্স আপ শ্রীলঙ্কা এবার মুখিয়ে আছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। স্লগ ওভারে ঠান্ডা মাথায় উইকেট তুলে নিয়ে, হিসেবি বোলিং করে একাই পার্থক্য গড়ে দিতে দেখা যেতে পারে মালিঙ্গাকে। ৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৬০ উইকেট। ইকোনমি রেট একটু উঁচুর দিকে হলেও ‘স্লিঙ্গার’ মালিঙ্গার একটি স্পেলই ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। ১০ বছর ধরে খেলছেন, কিন্তু এখনো তাঁকে যেন ঠিক বুঝে উঠতে পারেননি ব্যাটসম্যানেরা। গত এশিয়া কাপের সর্বোচ্চ উইকেটশিকারীও ছিলেন।

সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

তিনি পরিচিত রহস্যময় স্পিনার হিসেবে। এক ওভারে ছয়টি ভিন্ন রকম বল করতে পারেন। আইসিসি র্যাঙ্কিংয়েও বর্তমানে টি-টোয়েন্টির সেরা বোলার। আঙুলের কারসাজিতে ব্যাটসম্যানদের বোকা বানানোর ক্ষমতা তাঁর সহজাত প্রতিভা। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের পিচে নারাইনকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৭ উইকেট। ৫.৯৭-এর বিস্ময়কর ইকোনোমি রেট জানান দিচ্ছে নারাইনের বল বুঝতে পারা কতটা দুরূহ। বাংলাদেশের স্পিন-সহায়ক পিচে নারাইন ভয়ংকর হয়ে উঠবেন, বলার অপেক্ষা রাখে না।

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

এবারের বিশ্বকাপে হয়তো স্পিনাররাই রাজত্ব করবেন। তাই বলে স্টেইনের কথা ভুলে যাবেন না যেন। দুর্দান্ত গতি, মাপা বোলিং লাইন, স্লোয়ার বল—সব মিলিয়ে ডেল স্টেইন হতে পারেন এবারের আসরের সফল একজন। ‘চোকার’ অপবাদ ঘোচানোর জন্য দক্ষিণ আফ্রিকা চেয়ে থাকবে ডেল স্টেইনের বিষফোঁড় বোলিংয়ের দিকে। ইনিংসের শুরুতেই পটাপট উইকেট তুলে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন গতিদানব স্টেইনগান! ৩৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে স্টেইনের উইকেট ৪৬টি। পেসার হয়েও ৬.২০-এর ইকোনোমি রেটটা স্রেফ বিস্ময়কর।

উমর গুল (পাকিস্তান)

টি-টোয়েন্টিতেও যে পাঁচ উইকেট নেওয়া যায়, সেটা তিনিই প্রথম দেখিয়েছেন। টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ উইকেটের মালিকও তিনি। বর্তমান ফর্মটা ঠিক নিজের নামের সঙ্গে যাচ্ছে না, তার পরও গুলকে হিসাবের মধ্যে না ধরলে ভুলই করা হবে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন, পাকিস্তান যেবার অল্পের জন্য হাতছাড়া করল শিরোপা। ২০০৯ আসরেরও সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন, এবার কিন্তু ঠিকই পাকিস্তান ঘরে তুলল শিরোপা। গুল মানেই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য, সমঝদারদের জন্য ইশরাই যথেষ্ট। চোট থেকে ফেরার পর নিজের সেরাটায় এখনো পৌঁছাননি। তবে পৌঁছাতে কতক্ষণ!