বলকান ক্রুইফে ক্রোট-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুকা মডরিচ
লুকা মডরিচ

ডাচ কিংবদন্তির সঙ্গে খানিকটা সাদৃশ্য আছে বটে৷ মুখায়বে-চুলে৷ লম্বা চুল বাতাসে দুলিয়ে যখন সবুজ মাঠের বুক চিরে বল নিয়ে এগিয়ে যান তীব্র গতি আর নিপুণ কৌশলে, লুকা মডরিচ বারবারই মনে করিয়ে দেন ইয়োহান ক্রুইফকে৷ ভক্তরা তাই ভালোবেসে ক্রোট মিডফিল্ডারের নাম দিলেন ‘বলকান ক্রুইফ!’
নামটা পেয়েছিলেন বেশ আগেই৷ ইদানীং জেঁকে বসছে আরও ভালোভাবে৷ নামের সঙ্গে ক্রুইফের মতো একজনের নাম জড়িয়ে থাকা মানে পাহাড়সম ভার৷ ইদানীং সেই ভার কী দারুণভাবেই না বইছেন মডরিচ! ‘বলকান ক্রুইফ’ নামটাও তাই মনে হচ্ছে দারুণ মানানসই৷ যদিও একটা ‘তবে’ আছে৷ আসল ক্রুইফ বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবল মাতানোর পাশাপাশি আলোড়ন তুলেছিলেন দেশের জার্সি গায়েও৷ মডরিচ সদ্য সমাপ্ত ক্লাব মৌসুমে দুর্দান্ত খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে৷ এবার বিশ্বমঞ্চে আলো ছড়ানোর পালা৷ মঞ্চটাও প্রস্তুত৷ ক্রোয়েশিয়ার বিশ্বকাপ সম্ভাবনার অনেকটা নির্ভর করছে তাদের ক্রুইফের ওপর৷
বল ছাড়া এবং বল পায়ে তীব্র গতি, দারুণ ড্রিবলিং, নিখুঁত লম্বা পাসে মুহূর্তেই ম্যাচের মোড় বদলে দেওয়া, দূরপাল্লার শটে আচমকা জালের ঠিকানা খুঁজে পাওয়া—বরাবরই এসব মডরিচের বড় শক্তি৷ সঙ্গে গত এক-দেড় বছরে যোগ হয়েছে রক্ষণসামর্থ্যও৷ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এই মৌসুমে মডরিচকে খেলিয়েছেন মিডফিল্ডে একটু নিচে৷ নতুন ভূমিকাতেও যথারীতি তিনি দুর্দান্ত৷ প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়েছেন সহজাত ডিফেন্ডারের মতো, রক্ষণ থেকে চোখের পলকে বল জুগিয়েছেন আক্রমণে, দাবড়ে বেড়িয়েছেন মাঠময়৷ দেশের জার্সিতেও এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে না-পারার কারণ নেই৷ আজ প্রথম ম্যাচে দলের সেরা ফরোয়ার্ড মারিও মানজুকিচকে পাচ্ছে না ক্রোয়েশিয়া৷ কিন্তু মডরিচের সঙ্গে ইভান রাকিিতচ আর মাতেও কোভাচিচকে নিয়ে গড়া মিডফিল্ডকে ঘিরেই আবর্তিত হচ্ছে ক্রোট-স্বপ্ন৷ ওয়েবসাইট৷
যদিও কাজটা কঠিন, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ যে ব্রাজিল! আবার প্রথম ম্যাচটা ওই ব্রাজিলের বিপক্ষে বলেই বড় সুযোগও৷ প্রথম ম্যাচে বড় দল সব সময়ই একটু অগোছালো থাকে৷ আর ব্রাজিলকে হারাতে বা ড্র করতে পারলেও সেটা হবে আত্মবিশ্বাসের বড় জ্বালানি৷ মডরিচ তো ব্রাজিল-চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন, ‘আমি পুরো প্রস্তুত, প্রথম ম্যাচে মাঠে নামতে তর সইছে না৷ ব্রাজিল অসাধারণ এক দল, কিন্তু আমরাও সহজে ছাড় দেব না৷’