বলছেন সুয়ারেজ
চ্যাম্পিয়নস লিগে খেলার আশা তারা ছেড়ে দিয়েছে আগেই। ইংলিশ প্রিমিয়ার লিগে গত ছয় ম্যাচের পাঁচটিতে হেরে ইউরোপা লিগে কোয়ালিফাই করার আশাও প্রায় যায় যায়। ভাবগতিকে মনে হচ্ছে, লিভারপুল আসলে লিগে এখন খেলার জন্যই খেলছে। তাদের যাবতীয় স্বপ্ন-সাহস-আকাঙ্ক্ষা এখন বিনিয়োগ করা হয়েছে এফএ কাপে। এই মৌসুমে কদিন আগেই লিগ কাপ জিতেছে অলরেডরা। উঠে এসেছে মর্যাদার এফএ কাপের সেমিফাইনালেও। ১৪ এপ্রিলের সেই সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ এভারটন।অবশ্য এভারটনের আগেই তাদের ভাবতে হচ্ছে নিউক্যাসলকে নিয়ে। আজ লিগে নিউক্যাসলের মাঠে গিয়ে খেলবে ‘অলরেড’রা। প্রিমিয়ার লিগের পঞ্চম দলটি যাবে ইউরোপা লিগে খেলতে। আজ হারলে সেই পঞ্চম দলের সঙ্গে লিভারপুলের ব্যবধান হবে ১১ পয়েন্ট। হাতে থাকবে আর সাতটি ম্যাচ। অনেকেই মনে করছে, কোচ কেনি ডালগ্লিস আসলে লিগ নিয়ে এখন আর মাথাই ঘামাচ্ছেন না। এফএ কাপটা জিতলেই হবে। লিভারপুলের জেতা সাতটি এফএ কাপের সর্বশেষটি এসেছিল ২০০৬ সালে।এ মৌসুমে মূলত বর্ণবাদের কারণে খবরে আসা লুইস সুয়ারেজও বলছেন, ‘এই মৌসুমে আমাদের লক্ষ্য ছিল কয়েকটি ট্রফি জেতা এবং চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করা। প্রথম লক্ষ্যটা পূরণ হয়েছে, যদিও দ্বিতীয় লক্ষ্য পূরণ করতে আমরা ব্যর্থ হয়েছি।’ শেষ পর্যন্ত কাপের পর এফএ কাপ জিতলে সেই ব্যর্থতা আড়ালে চলে যাবে বলে মনে করেন উরুগুইয়ান স্ট্রাইকার, ‘আমাদের ওপর সব সময়ই চাপ থাকে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকার। তবে দুটো কাপ জিততে পারলে সেটা হবে আমাদের সমর্থকদের জন্য বড় পাওয়া, যে সমর্থকেরা আশা করে আমরা ইউরোপের শীর্ষ টুর্নামেন্টটিতে খেলি।’সুয়ারেজ নিজেও যেন বিতর্ক আর সমালোচনার মধ্যে হারিয়ে গেছেন। শুরুর সেই ঝলক আর নেই। লিগে ২৫ ম্যাচে করেছেন মাত্র ৭ গোল। সব মিলিয়ে মৌসুমে ৩১ ম্যাচে ১২ গোলের পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে তাঁর ব্যর্থতা। তবে তিনি আশাবাদী, শিগগিরই ঝলসে উঠবেন। শুধু নিজেকে নিয়ে নয়, দলকে নিয়েও তাঁর আশাবাদ উঁচু তারে বাঁধা, ‘পুরো দল রীতিমতো ফুঁসছে ভালো কিছু করার জন্য, রোববার (আজ) নিউক্যাসলের মুখোমুখি হওয়ার জন্য।’দেখা যাক, সুয়ারেজ আসলেই কিছু করতে পারেন, নাকি তর্জন-গর্জনই সার! এএফপি।