বলটা ভুলে যেতে চান নিশাম
স্বপ্ন আর দুঃস্বপ্ন কখনো হাত ধরাধরি করে আসে? জেমস নিশামকে জিজ্ঞেস করুন, উত্তরটা পাবেন—হ্যাঁ!
ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। ব্যাট হাতে ছিল ১৮ রান। মাশুল ছিল দলে জায়গা হারানো। ঘরোয়া ক্রিকেট আর চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সে এই সিরিজেই ফিরলেন দলে। পরশু নিউজিল্যান্ড তিন স্পেশালিস্ট পেসার খেলানোর প্রথাগত পথে হাঁটলে নিশামকে বসে থাকতে হতো ড্রেসিংরুমেই। কিন্তু অভিজ্ঞ কাইল মিলসকে বসিয়ে খেলানো হলো বাড়তি অলরাউন্ডার। বল হাতে নিশামের পারফরম্যান্স বুঝতে দিল না মিলসের না থাকা। নিয়ন্ত্রিত মিডিয়াম পেসে নিলেন ৪ উইকেট। কিন্তু ব্যাট হাতে আউট প্রথম বলেই। সেটাও কিনা লেগ স্টাম্পের বাইরের এক বলে, প্রতিপক্ষে একজনের হ্যাটট্রিকের তৃতীয় শিকার হয়ে!
পরশুর হারের পর নিউজিল্যান্ড কাল অনুশীলন করেনি। হোটেলেই জিম-সুইমিং করে কাটিয়েছে সময়। নিশামকে পাওয়া গেল টিম হোটেলের লবিতেই। এক পাশে চুটিয়ে আড্ডা দিচ্ছেন নাথান ম্যাককালাম ও গ্রান্ট এলিয়ট। ইতিউতি ঘোরাফেরা করছিলেন অ্যান্টন ডেভচিচ। আর পাশেই একটি চেয়ারে বসে আপন মনে মোবাইলে টেপাটেপি করছিলেন নিশাম।
‘ব্যাডলাক’ বলে হাত বাড়িয়ে দিতেই মুখ তুলে তাকালেন। বেজার হলেন না খুশি, চেহারা দেখে বোঝা গেল না। তবে ‘ব্যাডলাক’ কথাটি বুঝি মনে ধরল, ‘ভাগ্য কিছুটা খারাপ ছিল। বলটি ছিল বাজে, লেগ স্টাম্পের বাইরে। ক্যাচটিও দারুণ নিল। তবে ক্রিকেটে এমন হয়েই থাকে, বাজে বলে অনেক সময় আউট হতে হয়। পুরো আবহটাই ছিল অন্য রকম, গ্যালারির গর্জনে কানে তালা লেগে যাচ্ছিল। বলটা ফ্লিক করতে চেয়েছিলাম, ঠিকমতো ব্যাটে লাগল না। সবকিছুই হয়ে গেল খুব দ্রুত।’
এই তিক্ত স্বাদ যেকোনো পর্যায়ের ক্রিকেটেই পেলেন প্রথমবার। হ্যাটট্রিকের শিকার এই প্রথম। তবে মনে যা-ই থাকুক, মাথা থেকে আপাতত ওই স্মৃতিটা সরাতে চাইছেন, ‘হতাশ অবশ্যই। তবে ব্যাটসম্যানদের জন্য এই অভিজ্ঞতা নতুন কিছু নয়। ওই আউট নিয়ে তাই ভাবছি না, সামনে তাকাতে চাই।’
কিছুদিন আগে ভারতে চ্যাম্পিয়নস লিগে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন ওটাগো ভোল্টসের হয়ে। ব্যাট হাতে ঝড় তুলেছেন নিয়মিতই। হারের কিনারা থেকে দলকে জয় এনে দিয়েছেন, উদ্ধার করেছেন খাদের কিনারা থেকে। কালও তাঁর জন্য মঞ্চ ছিল প্রস্তুত। কিন্তু এবার তিনিই তোপের শিকার! যদিও দাবি করলেন, আত্মবিশ্বাসে চিড় ধরেনি তাতে, ‘আমি মনে করি না এতেই আমার ফর্ম বাজে হয়ে গেল। এখনো খুব ভালো টাচে আছি। চ্যাম্পিয়নস লিগে ভালো করায় যে আত্মবিশ্বাসটা ছিল, সেটা এখনো আমার সঙ্গী। আশা করি পরের দুই ম্যাচে সেটা কাজে লাগাতে পারব।’
নিজে যেমন ব্যাটিং-ব্যর্থতায় ভেঙে পড়েননি, নিশামের দাবি, দলও প্রথম ম্যাচের হারে দমকে যায়নি। পরশুর ম্যাচের পরই দীর্ঘ এক টিম মিটিং হয়েছে কিউইদের। সিদ্ধান্ত হয়েছে সাহসী ক্রিকেট খেলার, ‘হেরেছি বলে আমরা ভয় পেয়ে যাইনি, খোলসেও ঢুকে যাব না। আমাদের সহজাত ইতিবাচক ক্রিকেটই খেলব পরের ম্যাচগুলোয়। আশা করি, ফল আমাদের পক্ষে আসবে।’
নিশামের আশা অন্তত আর একটি ম্যাচে পূরণ না হলেই হয়!