বলতে ছাড়েননি মিসবাহও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্য রকম কিছু ভাবো, অন্য রকম কিছু ভাবো’—কানের পাশে বারবার বাজতে থাকলে কার ভালো লাগে? আরে বাবা, দলের সমস্যাটা সবারই চোখে পড়ছে, কিন্তু বাস্তবসম্মত সমাধান তো বাতলে দিতে হবে? সেটা না করে সাবেক ক্রিকেটাররা বারবার ‘অন্য রকম কিছু ভাবতে’ বললে খুব ভালো লাগার কথা নয়। মিসবাহ-উল-হক সে জন্যই হয়তো চটে গিয়ে পাল্টা দিলেন।
পাকিস্তানের ব্যাটিং নিয়ে বিশ্বকাপের শুরু থেকেই সে দেশের সাবেক ক্রিকেটাররা খড়্গহস্ত। যে যাঁর মতো সমালোচনা করে যাচ্ছেন। জাভেদ মিয়াঁদাদ, সরফরাজ নওয়াজ, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, শোয়েব আখতার—সমালোচকদের মিছিলটা অনেক বড়। পাকিস্তান দলে ওপেনিংটাই বড় সমস্যা। বিশ্বকাপের ঠিক আগে চোট কেড়ে নেয় মোহাম্মদ হাফিজকে। পাকিস্তান হারিয়ে ফেলে নিয়মিত একজন ওপেনার। ভারতের বিপক্ষে ম্যাচে ইউনিস খানকে চেষ্টা করা হয়েছিল আহমেদ শেহজাদের সঙ্গে। লাভ হয়নি। ইউনিসকে বাদ দিয়ে ওপেনিংয়ে আনা হয়েছে নাসির জামশেদকে, তিন ম্যাচে তাঁর রান ০, ১ ও ৪ রান।
মিসবাহকে তাই বিকল্প কিছু ভাবার পরামর্শ দিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ ও রমিজ রাজা। পাকিস্তান অধিনায়ক এই পরামর্শের ‘ভার’ সইতে না পেরে জ্বলে উঠলেন, ‘অন্য রকম কিছু? তাহলে কি মোহাম্মদ ইরফানকে দিয়ে ওপেন করাব?’ পাকিস্তানের ৭ ফুটি পেসার মোহাম্মদ ইরফান ব্যাটিংয়ে রীতিমতো হাস্যকর, ৪৪ ম্যাচে করেছেন ৪৩ রান! মিসবাহর খোঁচাটা বোঝাই যায়। তবে খোঁচা দিলেও অগ্রজদের সমালোচনাকে পাত্তা না দিয়েও পারছেন না। আভাস দিয়েছেন, আজ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে ওপেনার হিসেবে বিবেচনা করতে পারেন। এএফপি।