বললেন নাজমুল হাসান

প্রথমবারের মতো নয়জনের ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা দুঃখজনক? আর ট্রাইব্যুনাল কবে গঠিত হবে?
নাজমুল হাসান: ট্রাইব্যুনাল খুব দ্রুতই গঠন করা হবে। আমরা এ নিয়ে এরই মধ্যে কাজ করছি। মনে হয় দু-তিন দিনের মধ্যে আপনারা জেনে যাবেন প্যানেলে কারা আছেন। ১০ জনের একটি প্যানেল করা হবে এবং তার মধ্য থেকে তিনজনকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হবে।
আর ম্যাচ ফিক্সিং নিয়ে আমি দুঃখিত। খুশি হওয়ার কোনো কারণই নেই। এ রকম কিছু ঘটেছে দেখে সবার মতো আমিও মর্মাহত। বিশেষ করে খেলোয়াড়, কর্মকর্তা, সংগঠক—যাঁদেরই জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাঁদের অনেকেই আমাদের প্রিয় খেলোয়াড় বা প্রিয় মানুষ। আমরা তাঁদের বিশ্বাস করেছিলাম। আর কেউ যখন বিশ্বাস ভেঙে দেন, সেটা খুব যন্ত্রণাদায়ক হয়। তবে একই সঙ্গে আমি বলব, আমি কিছুটা খুশিও। আমরা এটা রুখতে উদ্যোগ নিতে পেরেছি। খেলায় দুর্নীতি খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি কিছু না করতাম, তাহলে এমন অবস্থা হতে পারত যে আর কখনো এটা থামানো যেত না। সুতরাং আমরা খুশি যে তদন্ত হচ্ছে, আকসু কাজ করছে। ফলাফল যা-ই হোক, সবাই এই বার্তা পাবে যে, দোষ করে কেউ পার পাবে না। আমাদের সবার এই বিশ্বাস থাকা উচিত।
এটা এখন জানা কথা যে ঢাকা গ্ল্যাডিয়েটরস ফিক্সিংয়ে জড়িত ছিল। তাদের বিপিএল শিরোপা কি কেড়ে নেওয়া হবে?
নাজমুল: আমি আসলে আইনি বিষয়টি এখনো জানি না। আর ডেভ যেটা বললেন, কেউ দোষী প্রমাণিত হওয়ার আগে আমরা তাঁকে দোষী বলতে পারি না। সুতরাং আজ, এখন পর্যন্ত সবাই নির্দোষ। আমরা রিপোর্ট পাওয়ার পর এ নিয়ে কথা বলতে পারব। এ মুহূর্তে এ বিষয়ে কথা বলা কঠিন।
আপনি বলেছেন, ট্রাইব্যুনাল গঠনের পর অভিযুক্ত ব্যক্তিরা দোষ স্বীকার করার বা আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় পাবেন। তাহলে তো নামগুলো বলে দেওয়া উচিত। নয়জনের নাম আপনারা কখন বলবেন?
নাজমুল: আমরা বলব না। আসলে কেউ দোষী প্রমাণিত হওয়ার আগে আমরা কোনো নামই বলতে পারি না। তবে যাঁরা অভিযুক্ত তাঁরা ইতিমধ্যেই অভিযোগপত্র পেয়ে গেছেন। সকালেই তাঁদের সবার কাছে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয়, অনেকে নিজেই বলবেন এ বিষয়ে এবং আপনারা সংবাদমাধ্যমে তাঁদের নাম জানতে পারবেন। অথবা ট্রাইব্যুনাল যখন তাঁদের ডাকবেন তখন আপনারা দেখবেন। কিন্তু আমরা কারও নাম বলতে পারি না।