বলিউডে রোনালদোর বান্ধবী?

বছর ছয়েক আগে ক্রিস্টিয়ানো রোনালদো বলিউড অভিনেত্রী বিপাশা বসুর গালে চুমু এঁকে দিলে বেশ হইচই পড়েছিল চারদিকে! তবে এবার রোনালদো নয়; বলিউডের সঙ্গে উঠে এলে তাঁর বান্ধবী ইরিনা শায়াকের নাম। বাতাসে জোর গুঞ্জন, বলিউডের রুপালি জগতে নাকি পা দিচ্ছেন তিনি!
এই রাশান মডেল সম্প্রতি মুম্বাই এসেছিলেন একটি ফ্যাশন শোতে অংশ নিতে। এর ফাঁকেই বলিউডের কয়েকজনের সঙ্গে দেখাও করেছেন। এতেই চাউর হয়েছে, বলিউডের রঙিন ভুবনে পা দিতে ভীষণ আগ্রহী শায়াক। বলিউডের প্রতি তাঁর ভালোবাসা প্রবল, সেটি স্পষ্টই জানিয়েছেন। বলেছেন, অনিল কাপুর অভিনীত ‘স্লামডগ মিলিনিয়র’ ছবিটিই দেখেছেন দুবার।
তবে সিনেমা জগতে শায়াক নতুন নন। হলিউড ছবি ‘হারকিউলিস’-এ অভিনয় করেছেন। ছবিটি অবশ্য এখনো মুক্তি পায়নি। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মডেল হিসেবে বহু খ্যাতনামা সাময়িকী তাঁকে নিয়ে ফিচার করেছে। ফলে বলিউডের মসলাদার ছবিতে শায়াক এলে কিন্তু মন্দ হবে না!
শুধু ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যেকোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।