বলিঞ্জারে বিধ্বস্ত নিউজিল্যান্ড
প্রথম প্রথম তাঁর নামটা ভুল করে বলিংগার লেখা হতো। এখন ভুলটাকেই মনে হচ্ছে ঠিক। ডগ ‘বলিঞ্জারে’র চেয়ে ‘বলিংগার’টাই শোনাচ্ছে ভালো। ওয়েলিংটনে যে বোলিংটা করলেন! শুরু থেকেই নিউজিল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি পেসার। সেই নিউজিল্যান্ড কাঁপতে কাঁপতে প্রথম ইনিংসে অলআউট ১৫৭ রানে! অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ৩০২ রানে পিছিয়ে থেকে অবধারিত ফলোঅন করতে গিয়েও বিপদে। ইনিংস পরাজয় এড়াতেই এখনো ১১৫ রান দরকার। হাতে মাত্র ৫ উইকেট। বাকি রয়েছে পুরো দুটো দিন। তাসমান প্রতিবেশীদের সিরিজটা দারুণ জমবে বলে আগাম ঘোষণা দিয়েছিলেন যাঁরা, লজ্জায় মুখ লুকোনোর দশা এখন তাঁদের! প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বলিঞ্জারের শিকার ওয়াটলিং আর ইনগ্রাম। আর তিনটি উইকেট পেলে ম্যাচে প্রথমবারের মতো দশ উইকেটও হয়ে যাবে তাঁর।কাল দিনের প্রথম আঘাতটা অবশ্য হেনেছেন রায়ান হ্যারিস। আগের দিন ৪২ রানে অপরাজিত ভেট্টোরিকে আর চার যোগ করতেই ফিরিয়ে দেন। ইনিংসের ৫৭তম ওভারে দুই উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। প্রথমে ব্রেন্ডন ম্যাককালামকে ফেরান বলিঞ্জার। এক বল বাদে ড্যারিল টাফি রানের খাতা খোলার আগেই রানআউট! মাত্র ৯ রানে শেষ ৫টি উইকেট হারিয়ে ১৫৭ রানে অলআউট নিউজিল্যান্ড। ৩০২ রানের লিড পাওয়ার পর স্বাগতিকদের ফলোঅন করাতে বাধ্য করেন রিকি পন্টিং। এবার অবশ্য বেশ ভালো শুরু করেছিল নিউজিল্যান্ড। ওয়াটলিং আর ম্যাকিন্টোশ উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৭০ রান। দৃশ্যপট পাল্টে যায় বলিঞ্জারেরই জোড়া আঘাতে। ৮ রানের ব্যবধানে বিদায় নেন ওয়াটলিং আর ইনগ্রাম। প্রথম ইনিংসের মতোই রস টেলর ভালো শুরু করেও ২৬ বলে ২৫ করে হরিজের শিকার। ২২০ বলে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলে দলে নিজের জায়গা বাঁচালেও ম্যাচটা বাঁচানোর কোনো সম্ভাবনা তৈরি করতে পারেননি ম্যাকিন্টোশ।বিস্ময়কর কিছু না ঘটলে এই টেস্টে লজ্জাজনক পরাজয়ই অপেক্ষা করছে নিউজিল্যান্ডের জন্য। এখন বরং বলা যায়, ভেট্টোরি আর ম্যাককালামের ওপর নির্ভর করছে লজ্জার মাত্রা কতটা হবে। নির্ভর করছে বলিঞ্জারের ওপরও। ক্যারিয়ারের প্রথম ম্যাচে ১০ উইকেট তুলে নিতে যে মরিয়া হয়ে আছেন, সেটি কালই জানিয়ে দিয়েছেন। না বললেও অবশ্য অনুমান করে নিতে কষ্ট হতো না। ওয়েবসাইট।