বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া
কোপা আমেরিকার এবারের আসরে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ফালকোর দুটি গোলের সুবাদে গতকাল বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে তারা।প্রথমার্ধের ১৪ মিনিটে উইঙ্গার দায়রো মোরেনোর পাস থেকে খুব সহজেই বলিভিয়ার জালে বল জড়িয়ে দেন ফালকো। ২৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন কলম্বিয়ার এই স্ট্রাইকার। এখন নকআউট পর্বে আরও ভালো খেলার প্রত্যয়ই ঝরে পড়েছে ফালকোর কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা প্রতিটা ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম। আর তার ফল আমরা পেয়েছি। গ্রুপের শীর্ষ দল হিসেবে আমরা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছি। কিন্তু পরবর্তী ম্যাচগুলোতেও যদি আমরা এভাবে খেলতে না পারি, তাহলে আমাদের থমকে যেতে হবে। আমরা এ জয়যাত্রা অব্যাহত রাখতে চাই।’এ গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় রাউন্ডের টিকিট পাওয়ার লড়াইয়ে কাল মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা ও কোস্টারিকা। প্রথম রাউন্ড থেকেই লজ্জাজনক বিদায় এড়ানোর জন্য এই ম্যাচটা জেতার কোনো বিকল্প নেই এবারের টুর্নামেন্টের অন্যতম প্রধান ফেভারিট আর্জেন্টিনার। রয়টার্স।