বলির পাঁঠা তুষার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলির পাঁঠা তাহলে কেবল তুষার ইমরান! জাতীয় লিগের বিভাগীয় দল গঠন নিয়ে প্রশ্ন ওঠার পর জাভেদ ওমর-জিয়াউর রহমানরা দলে ডাক পেলেও সুযোগ পাননি কেবল তুষার। গত জাতীয় লিগের চার দিনের ম্যাচে তৃতীয় সর্বোচ্চ রান করার পরও কেন তিনি দলে ডাক পাচ্ছেন না, সেটার সদুত্তর দিতে পারেননি খুলনা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কাজী শামীম।কাল টেলিফোনে এই প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি প্রথমে বলেছেন, তুষারের ‘অপরাধ’ তিনি ২৫ ডিসেম্বরের মধ্যে খুলনা বিভাগীয় দলে রিপোর্ট করেননি। অথচ কোয়াবের আন্দোলনের সময় বিসিবিই ১ জানুয়ারির মধ্যে খেলোয়াড়দের রিপোর্টিংয়ের সময়সীমা বেঁধে দিয়েছিল এবং ওই সময়সীমার মধ্যে শুধু তুষার নন, কোনো ক্রিকেটারই রিপোর্ট করেননি। সেটা মনে করিয়ে দেওয়ার পর কাজী শামীম বলেন, ‘তুষার প্রিমিয়ার লিগে মাত্র ১৭৪ রান করেছে....।’ কিন্তু ওয়ানডে ক্রিকেটের পারফরম্যান্স কী করে চার দিনের ম্যাচের দলে আসার মানদণ্ড হয়? এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে কাজী শামীম ‘আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলব না’ বলে ফোনই কেটে দেন। জানা গেছে, খুলনার অধিনায়ক হাবিবুল বাশারের বারবার অনুরোধের পরও দলে রাখা হয়নি তুষারকে।এ বিষয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘তুষারের মতো পারফরমারের অবশ্যই বিভাগীয় দলে সুযোগ পাওয়া উচিত। তাকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ দেওয়ার যথাযথ যুক্তিও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে দিতে হবে। বিষয়টা নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলব।’