বলে উইলিয়ামস ব্যাটে তামিম

বৃষ্টি থেমে গেছে সকাল সাড়ে ১০টা নাগাদ। বেলা ১২টার দিকে দুই দল গা গরমে নেমে গেল। মেঘ ফুঁড়ে তখন উঁকি দিতে শুরু করেছে সূর্য। খানিকপর উজ্জ্বল রোদ। ম্যাচ ২৫ ওভারের হবে না ৩০ ওভারের, সবাই যখন এই খবর শোনার অপেক্ষায়, এল খেলা পরিত্যক্ত হওয়ার খবর! মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর আবাহনী লিমিটেডের ম্যাচটি হবে আজ অতিরিক্ত দিনে। বেলা দুইটার দিকে তপ্ত রোদ ছড়িয়ে সূর্যিমামা যেন কটাক্ষের হাসি হাসছিল দেশের এক নম্বর ক্রিকেট ভেন্যুর দিকে। ২০১১ সালের অক্টোবরে সামান্য বৃষ্টিতে দুই দিন খেলা হয়নি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ইদানীং শেরেবাংলা স্টেডিয়ামও দেখা যাচ্ছে খুব একটা পিছিয়ে নেই!
তবে বৃষ্টিকে হারিয়ে ঠিকই খেলা হয়েছে অন্য দুই ভেন্যুতে। কলাবাগান ক্রীড়াচক্রের অপেক্ষার অবসান ঘটিয়ে অধিনায়ক হিসেবেই বিকেএসপিতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে তেমন কিছু করতে না পারলেও অনায়াস জয় পেয়েছে দল। ফতুল্লায় ঢাকা লিগে প্রথম খেলতে নেমেই চমকে দিয়েছেন শন উইলিয়ামস। কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ব্রাদার্সের জিম্বাবুইয়ান ক্রিকেটার হ্যাটট্রিকসহ নিয়েছেন ৭ উইকেট! পরে ব্যাটে ঝড় তুলেছেন তামিম ইকবাল। ব্রাদার্স অধিনায়কের ৬৫ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংসের পথে এক ওভারেই এসেছে ৩৩!
উইলিয়ামসের মূল পরিচয় ব্যাটসম্যান। সঙ্গে কাজ চালানোর বাঁহাতি স্পিন। তাতে অলরাউন্ডার বলা দায়। কালকের বোলিংয়ের পর নিজেকে জেনুইন অলরাউন্ডার দাবি করতেই পারেন! ৫০ ওভারের ম্যাচে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নেবেন, নিজের সুদূরতম কল্পনাতেও নিশ্চয়ই এমন কিছু ভাবেননি! লিস্ট ‘এ’তে আগের ৯৮ ম্যাচে ছিল ৩২ উইকেট। ১৯ রানে ৩ উইকেট ছিল সেরা বোলিং, ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন আর একবারই। সেই উইলিয়ামস কলাবাগান একাডেমির জন্য হয়ে গেলেন রীতিমতো বিধ্বংসী!
বৃষ্টিতে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে উইলিয়ামস অবশ্য দারুণ সহায়তা পেয়েছেন উইকেট থেকে। উইকেটে স্পিন ধরেছে দারুণ। হ্যাটট্রিক বলটিতেই যেমন দারুণ এক ঘূর্ণিতে বোল্ড করেছেন স্বদেশি সিকান্দার রাজাকে। সেটি ছিল উইলিয়ামসের পঞ্চম ওভারের প্রথম বল। আগের ওভারের শেষ দুই বলে ফিরিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা ও সগীর হোসেনকে। কলাবাগান একাডেমির প্রথম ৭ উইকেটই পেয়েছেন উইলিয়ামস। সব মিলিয়ে ৭-২-২৫-৭! আবদুর রাজ্জাকের ১৭ রানে ৭ উইকেটের পর এটা বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’তে সেরা বোলিং, সেরা বোলিং কোনো জিম্বাবুইয়ানেরও। উইলিয়ামসের কারণেই বিনা উইকেটে ৪৭ থেকে একাডেমি ৭ উইকেটে ৯৮।
পরে শরিফুল্লাহ (৩০), দেওয়ান সাব্বিররা (২০) মিলে দলকে নিয়ে যান ১৪৮ পর্যন্ত। ব্যাটসম্যানদের বধ্যভূমি মনে হওয়া উইকেটেই খানিকপর ঝড় তুললেন তামিম। ৪৯ বলে ছুঁয়েছিলেন ফিফটি, পরের ৪৫ রান মাত্র ১৬ বলে! সপ্তম ছক্কায় ম্যাচ শেষ করে দিয়েছেন ২৩তম ওভারেই। দ্বিতীয় উইকেটে বড় ভাই নাফিস ইকবালের (৪৯ বলে ৩৬*) সঙ্গে অবিচ্ছিন্ন জুটি ১২৯ রানের। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন শীর্ষে, সমান পয়েন্ট নিয়ে রানরেটে দুইয়ে প্রাইম দোলেশ্বর।
বিকেএসপিতে কলাবাগান প্রথম ওভারেই মাহবুবুল করিমকে হারানোর পর দ্বিতীয় উইকেটে ১১৩ বলে ১৪১ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন (৬৪ বলে ৭৮) ও জিহান মুবারক (৬৪ বলে ৬৯)। পরে আরেক শ্রীলঙ্কান চামারা কাপুগেদারার ৩৩ বলে ৫৮ রানের ঝড়ে কলাবাগান তোলে ২৪১। ৩০তম ওভারে উইকেটে গিয়ে সাকিব করেছেন ৫ বলে ৬। পরে বল হাতে ৬ ওভারে ২১ রান দিয়ে উইকেট পাননি। তবে কলাবাগানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি খেলাঘর। ৩১ ওভার ধুঁকতে ধুঁকতে করেছে ১৩২।