বলে কারিকুরি করে ফেঁসেছেন ডু প্লেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই কারিকুরি করতে গিয়ে ফেঁসে গেছেন ডু প্লেসিস
এভাবেই কারিকুরি করতে গিয়ে ফেঁসে গেছেন ডু প্লেসিস

বলকে ঘষেমেজে উজ্জ্বল রাখাই নাকি ফ্যাফ ডু প্লেসিসের দায়িত্ব ছিল। তিনি সেটাই করছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে একটু ‘বাড়াবাড়ি’ই করে ফেলেছেন তিনি। ট্রাউজারের পকেটের জিপার দিয়ে বলে ঘষা দিয়ে তিনি এখন বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত। এরই মধ্যে এ কারণে শাস্তিও পেয়েছে তাঁর দল। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে মাথা পেতে নিতে হয়েছে পাঁচ রান জরিমানার শাস্তি।
ডু প্লেসিস অপরাধ করেছেন। কিন্তু তাঁর প্রতি সমর্থন ঝরেছে প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের কণ্ঠে। বলেছেন, যেহেতু তিনি ডু প্লেসিসকে অনেক দিন ধরে চেনেন, তাই তিনি এ ধরনের কিছু করতে পারেন বলে তাঁর মনে হয় না। ম্যাচ রেফারির সিদ্ধান্ত যা-ই থাকুক, ব্যাপারটা একেবারেই বিশ্বাস হচ্ছে না ডি ভিলিয়ার্সের, ‘অসত্ উদ্দেশ্যে ডু প্লেসিস অমন কিছু করবেন, আমি অন্তত তা বিশ্বাস করি না।’
ক্রিকেট মাঠে অনেক দলই নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে বলকে ঘষেমেজে রাখার দায়িত্ব দেয়। ফিল্ডিংয়ের সময় বল ঘষেমেজে উজ্জ্বল রাখা কিংবা এক দিকের ঔজ্জ্বল্য নষ্ট করাই তাঁদের দায়িত্ব। সাধারণত মাঠে বল নিয়ে ঘষামাজা চলে যেন সুইংটা দলের পেসাররা ঠিকমতো করাতে পারেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডু প্লেসিসেরও এমনই দায়িত্ব ছিল বলে জানিয়েছেন ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্স কিছুতেই বুঝতে পারছেন না, আগে থেকে সতর্ক না করে দলকে এমন শাস্তির মুখোমুখি কেন করা হলো! ম্যাচ রেফারিই বা কীভাবে বুঝলেন যে ডু প্লেসিস অবৈধ কোনো সুবিধা নিতে বলের আকার-আকৃতি পরিবর্তন করছেন!
এদিকে, বল টেম্পারিংয়ের দায়ে ডু প্লেসিস বহিষ্কৃতও হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাপারটি নিয়ে চলছে রীতিমতো ঢাক ঢাক গুড় গুড়। কাল দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথও এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। এমনকি আয়োজকদের কাছ থেকেও সাংবাদিকদের কাছে যে সারসংক্ষেপ মিলেছে, তাতেও এই ঘটনার কোনো উল্লেখ নেই।
উল্লেখ্য, ২০০৬ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ওভাল টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে পাকিস্তানকে পাঁচ রান জরিমানা করা হয়েছিল। এর প্রতিবাদে ইনজামাম-উল হকের নেতৃত্বে পাকিস্তান দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়। পরে টেস্টটিতে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করেন দুই আম্পায়ার বিলি ডক্ট্রোভ ও ড্যারেল হেয়ার। পুরো বিষয়টিই বিতর্কের ঝড় তোলে গোটা ক্রিকেট-বিশ্বে। ওয়েবসাইট।