বলেই চলেছেন শোয়েব
বেশ কিছুদিন চুপ করে ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তো একরকম আড়ালেই চলে গিয়েছিলেন। কিন্তু আলোচনায় থাকাটাই যাঁর স্বভাব, চুপটি মেরে বেশি দিন কেন বসে থাকবেন? শোয়েব আখতার মুখ খুললেন। আর তাতেই বেরিয়ে এল শোয়েবীয় সব মন্তব্য। কদিন আগে ‘পাকিস্তান এখনো বিদেশি দলগুলোর জন্য নিরাপদ নয়’ মন্তব্য করে মোটামুটি শোরগোল ফেলে দিলেন। এবার বললেন, তাঁর সাবেক সতীর্থ মোহাম্মদ সামি মানসিকভাবে দুর্বল একজন বোলার!শ্রীলঙ্কা সফরে ভালো না করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সামিকে রেখেছেন নির্বাচকেরা। এ নিয়ে পাকিস্তানে অনেকেই সমালোচনা করছেন। এমন সময় শোয়েবের এমন মন্তব্য, ‘সামি মানসিকভাবে দুর্বল এক খেলোয়াড়, ও চাপ একেবারেই নিতে পারে না। ১১ বছর ধরে খেলছে। তবে এখনো ওকে বাদ দিলেই দেখা যায় ও মনোযোগ হারিয়ে ফেলে, চাপের মধ্যে পড়ে যায়।’ এসব কথা শুনে সামির নিন্দুক মনে হতে পারে শোয়েবকে। তবে নিজেকে তিনি সামির শুভাকাঙ্ক্ষী হিসেবেই জাহির করলেন, ‘ওর সামর্থ্য আছে, আশা করি ও ভালো করবে। কিন্তু এটার জন্য ওকে দলে একটা নির্দিষ্ট ভূমিকা নিতে হবে, সামনের সারির আক্রমণাত্মক বোলার হিসেবে চাপ তাকে নিতেই হবে।’সামির সঙ্গে ভাগ্যও অনেক সময় প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন শোয়েব। তাঁর বলে ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন, নিশ্চিত আউটেও আম্পায়ার তর্জনী তোলেননি। সামির আরেকটি দুর্ভাগ্য, সব সময় শোয়েবের সঙ্গে তুলনা করা হয়েছে তাঁকে। শোয়েব বলেছেন, তাঁর দেখাদেখি সামিকে ‘করাচি এক্সপ্রেস’ বানাতে উঠেপড়ে লেগেছিলেন কর্তাব্যক্তিরা। এতে শেষ পর্যন্ত হিতে বিপরীতই হয়েছে বলে ধারণা তাঁর। ওয়েবসাইট।