বলেছিলুম কিনা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রথম খেলায় হেরে গেল ভারতের কাছে। দ্বিতীয় খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে। মনের ওপর বাড়তি চাপ নিয়ে বাংলাদেশ যেন হেরে না বসে। কোটি মানুষের মতো কবি নির্মলেন্দু গুণও দেশের বিজয়ে অবদান রাখতে চান। তিনি ফোন করে বললেন, ‘লিখে দাও, আমার ভবিষ্যদ্বাণী—আজ বাংলাদেশ জিতবে।’ সেটা মোহীত উল আলমের লেখার শেষে যুক্ত করে দেওয়া হলো। কবির আশা, খেলোয়াড়েরা এটা দেখে আত্মবিশ্বাস পাবেন। বাংলাদেশ জিতল। প্রত্যেকেই জানি, আমার জন্যই (আমার দোয়া, আমার আসন পরিবর্তন-কৌশল, কুফা কাশেমকে টিভিরুম থেকে বের করে দেওয়া প্রভৃতি) দল জিতেছে। কেউ নির্মলেন্দু গুণকে ফোন করে বলল না, ‘কবি, আপনার কথা ফলেছে।’ওয়েস্ট ইন্ডিজের খেলার দিন ছিল আমার লেখা। কবির ফোন পেয়ে আমি শিরোনাম করলাম, ‘কবি বলেছেন আজও জিতবে বাংলাদেশ’। ৫৮-বিপর্যয়ের পর লোকে আমাকে টিটকারি করতে লাগল, এমনকি কবিকেও কেউ কেউ বললেন, ‘কি কবি, তুমি না বলেছিলে...!’ গুণ মর্মাহত হলেন। এটা যে জ্যোতিষীগিরি নয়, বাংলাদেশের বিজয়কামনা, লোকে এটা বুঝল না! তাহলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার পরে কেউ কেন বলেনি, ‘দাদা, আপনার কথাই ঠিক হলো!’কবিদের বলা হয় সত্যদ্রষ্টা। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে, ‘কবির মৃত্যু: লোরকা স্মরণে’। একজন কবিকে গুলি করে হত্যা করার জন্য সৈন্যরা মাঠে নিয়ে যাচ্ছে। কবির হাত শেকলে বাঁধা। তাঁকে গুলি করা হচ্ছে।‘তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠকবি শান্তভাবে বললেন, আমি মরব না।মিথ্যে কথা, কবিরা সব সময় সত্যদ্রষ্টা হয় না।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর আমার মনে বারবার বাজতে লাগল এই লাইনটা, ‘মিথ্যে কথা, কবিরা সব সময় সত্যদ্রষ্টা হয় না’।কিন্তু এই কবিতাটা ওখানেই শেষ নয়। গুলি লেগে কবির হাত শেকল থেকে খুলে মাটিতে গিয়ে পড়ল। সেই হাতের দিকে তাকিয়ে কবি বললেন, ‘বলেছিলুম কিনা আমার হাত শিকলে বাঁধা থাকবে না।’ইংল্যান্ড ও নেদারল্যান্ডকে হারানোর পর আমার মনে সারাক্ষণ গুঞ্জরিত হচ্ছে এই লাইনটা, ‘বলেছিলুম কিনা আমার হাত শিকলে বাঁধা থাকবে না’। বলেছিলাম কিনা বাংলাদেশের জয় হবেই, হতেই হবে।বিশ্বকাপের আগে ঘোষণা দিয়ে রেখেছিলাম, নির্বিঘ্নে বাংলাদেশে উদ্বোধনী অনুষ্ঠানসহ আটটা খেলা সম্পন্ন হোক, এটা আমার প্রথম চাওয়া। আমি কায়মনোবাক্যে কামনা করি, মিরপুরে অনুষ্ঠেয় বাকি তিনটা খেলা ভালোয় ভালোয় হয়ে যাক। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে সাতই মার্চের ভাষণের মতো করে বলি, ‘আমাদের যেন বদনাম না হয়’। এ ব্যাপারে আমাদের প্রশাসন, নিরাপত্তাকর্তা ও কর্মীরা যেন সদাজাগ্রত ও সক্রিয় থাকেন। আর আমরা, দেশের সর্বস্তরের মানুষ, যেন কোনো ব্যাপারেই বাড়াবাড়ি না করি। জয়ে আনন্দ আর পরাজয়ে বেদনা তো প্রকাশ করবই; সেটা যেন একটা সীমার মধ্যে থাকে, আমরা যেন অন্যের বেদনা বা ক্ষতির কারণ না হই। রং কিংবা জুতা—কোনোটাই যেন না ছুড়ি। দ্বিতীয় যে সাফল্য আমি চাই—বাংলাদেশ ক্রিকেট দলের জয়। সেটা নাটকীয় উত্থান-পতনের মধ্য দিয়ে আমরা ভালোভাবেই পাচ্ছি। আর একেকটা জয়ের পর সারা দেশের সব মানুষ যেভাবে উল্লসিত হচ্ছে, তাতে ক্রিকেট কেবল গণতান্ত্রিক খেলা হয়ে উঠছে তা নয়, জাতীয় ঐক্য ও জাগরণের প্রতীক হয়েও দেখা দিচ্ছে। পৃথিবী দেখছে, ক্রিকেটের প্রতি ভালোবাসায় বাংলাদেশই চ্যাম্পিয়ন।ভালোবাসা থেকে বহু কিছু হয়! কে ব্যাখ্যা করতে পারবে বগুড়ার সুহাসের উত্থানের কাহিনি! এসএসসি পরীক্ষার আগে টেস্টে ভালো করেনি বলে স্কুলে তাঁকে জামানত রাখতে হয়েছিল অতিরিক্ত টাকা; পরীক্ষায় ভালো করেই সে ফিরে পেয়েছিল সেই জামানত। এসএসসির টেস্ট পরীক্ষায় ভালো না করলেও ক্রিকেটের টেস্টে ফিফটি আছে বোলার শফিউল ইসলাম ওরফে সুহাসের। জয়পুরপাড়ার সেই হ্যাংলা-পাতলা ছেলেটার চোখে তো আমি দেখতে পাই মুরালিধরনের চোখের আগুন, যা ভস্ম করে দিতে পারে প্রতিপক্ষকে। ভারতের বিপক্ষে ম্যাচের পরে শফিউল ইসলাম সুহাসের হাতে চোট, তখন তাঁর মা তাঁকে বলেছেন, ‘সাহস হারাবে না।’আহা রে, আমার বাংলাদেশের মায়েরা! ‘আজি বাংলাদেশের হূদয় হতে কখন আপনি/ তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!’ মনে পড়ে শহীদ আজাদের মায়ের কথা। একাত্তরে পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়া আজাদকে তাঁর মা বলেছিলেন, ‘শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। বন্ধুদের নাম-ঠিকানা বলে দেবে না।’ আমরা, ১৬ কোটি মানুষ, যে ভালোবাসা ক্রিকেটারদের দিয়েছি, তার বিনিময়ও পেয়েছি দুহাত ভরে। দেয়ার ক্যান বি মিরাকলস, হোয়েন ইউ বিলিভ। আমি বিশ্বাস করি, একদিন আরও কোটি কোটি হূদয় এই কথা বিশ্বাস করবে যে, কোনো কিছুই অসম্ভব নয়, এভারেস্টও অজেয় নয়। তবে এ পর্যন্ত যা হয়েছে, তাও কম নয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করুক—এটা আমরা চাই। না করলেও নিজের যোগ্যতাতেই আমাদের এগিয়ে যেতে হবে। ইংল্যান্ডের পল কলিংউড যদি বলতে পারেন, আর তো মাত্র চারটা ম্যাচ, এক পয়েন্ট বেশি নিয়ে আমরা কেন বলব না? না, আমি আকাশে ভাসতে বলছি না; আমাদের পা থাকুক মাটিতে, কিন্তু চোখ থাকবে এভারেস্টচূড়াতেই, তাতে মাথা থাকবে উঁচু।কবির ভাষায় বারবার করে বলি, ‘আমার হাত শিকলে বাঁধা থাকবে না’।