বলের গল্প বলি
প্রতি বিশ্বকাপে অন্যতম চরিত্র হয়ে ওঠে সেই বিশ্বকাপের বলটিও। সেই ১৯৩০ বিশ্বকাপ থেকে সর্বশেষ ২০১০ বিশ্বকাপের জাবুলানি—বিশ্বকাপের বলগুলো নিয়ে আলোচনা কম হয়নি। এবারের বিশ্বকাপের বল ব্রাজুকার আনুষ্ঠানিক উন্মোচন করা হলো কদিন আগে। আসুন জেনে নিই বিশ্বকাপের বলগুলো সম্পর্কে—
১৯৩০ বিশ্বকাপ
উরুগুয়েতে অনুষ্ঠিত ১৯৩০ বিশ্বকাপের ফাইনালে ঘটেছিল অবাক করা কাণ্ড। সেবার ম্যাচের দুই অর্ধে ব্যবহার করা হয়েছিল দুটো বল। কারণ ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে ও আর্জেন্টিনা দুদলই খেলতে চেয়েছিল নিজ নিজ বল দিয়ে। সমাধান ছিল একটাই।
দুই বলের একটি ছিল স্বাগতিক উরুগুয়ের তৈরি ‘টি মডেল’ বল, অন্যটি ছিল আর্জেন্টিনার তৈরি করা ‘১২ প্যানেল মডেল’। দুই বলেই মোট ১২টি করে সেলাই ছিল। প্রথমার্ধে আর্জেন্টিনার ‘১২ প্যানেল মডেল’ এবং দ্বিতীয়ার্ধে উরুগুয়ের ‘টি-মডেল বল’ দিয়ে খেলা হয়। নিজেদের বল নিয়ে খেলার প্রভাব স্পষ্ট বোঝা যায় স্কোরলাইনে। প্রথমার্ধে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়ে ৪-২ গোলে ম্যাচ জিতে হয়ে যায় প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

১৯৩৪ বিশ্বকাপ: ফেদেরেল ১০২
ইতালির তৈরি ‘ফেদেরেল ১০২’ বলটি প্রথম ফুটবল, যেটিতে চামড়ার বদলে সুতার সেলাই ব্যবহার করা হয়। কিছুটা হালকা হওয়ায় এই বল হেডিংয়ে বাড়তি সুবিধা যোগ করেছিল। ১৯৩৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল স্বাগতিক ইতালি বনাম চেকোস্লোভাকিয়া। ১-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচ শেষের আট মিনিট আগে বিস্ময়কর এক গোলে সমতায় ফেরে ইতালি। গোলটি করেন ওরসি। ওরসির নেওয়া শটটি এত বাঁক খেয়ে ঢুকে যায় যে, চেকোস্লোভাকিয়ার গোলরক্ষকের ঠায় দাঁড়িয়ে দেখা ছাড়া করার কিছু ছিল না। ম্যাচ শেষে সাংবাদিকদের অনুরোধে একই ঘটনা আরেকবার করার চেষ্টা করেছিলেন। কিন্তু বহু চেষ্টায়ও আর বলে বাঁক খাওয়াতে পারেননি ওরসি।
আসলে ‘ফেদেরেল ১০২’ ম্যাচের শেষ দিকে পুরোনো হয়ে যাওয়ায় বাতাসের ঘর্ষণের ফলেই বাঁক খেয়েছিল। সেটি ছিল ফেদেরেলের ত্রুটি, ওরসির দক্ষতা নয়!

১৯৩৮ বিশ্বকাপ: এলেন
এই বিশ্বকাপের বলটির আনুষ্ঠানিক কোনো নাম ছিল না। তবে ফ্রান্সে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের বল বানানোর দায়িত্ব পেয়েছিল দেশটির ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলেন বানিয়েছিল ১৯৩৮ বিশ্বকাপের বলটি। এ ধরনের বল সাধারণত ১২ প্যানেলের হলেও বিশ্বকাপের জন্য বানানো বিশেষ বলটি ছিল ১৩ প্যানেলের। ১৯৩৮ বিশ্বকাপের ফাইনালে ইতালি হাঙ্গেরিকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতে। তারপর টানা ১২ বছর কোনো বিশ্বকাপ হয়নি বিশ্বযুদ্ধের গ্রাসে।

১৯৫০ বিশ্বকাপ: ডুপ্লো টি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে। ১২ বছর পর দেখা মেলে নতুন বল ডুপ্লো টি-র। পুরোপুরি চামড়ার তৈরি বলটির গড়ন ছিল ক্লাসিক্যাল ১২ প্যানেল-বিশিষ্ট। ডুপ্লো টি প্রথম সেলাইবিহীন আধুনিক বল যেটিতে ভাল্ব ব্যবহার করা হয়। আগের বলগুলো হেড করার জন্য নিরাপদ ছিল না। খেলোয়াড়েরা হরহামেশাই ইনজুরিতে পড়তেন। এই বল দিয়ে হেড করা আগের চেয়ে নিরাপদ ছিল।

১৯৫৪ বিশ্বকাপ: সুইস
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ১৯৫৪ বিশ্বকাপের অফিসিয়াল বল ছিল ‘সুইস’। বলটিতে প্রচলিত বাদামি রংয়ের বদলে হলুদ রং ব্যবহার করা হয়েছিল। অতীতের বলগুলোর চেয়েও নিখুঁত গোলাকার বানানোর জন্য এই বলটিকে ১৮টি প্যানেলে তৈরি করা হয়েছিল।

১৯৫৮ বিশ্বকাপ: টপ স্টার
১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের অফিসিয়াল বল ছিল টপ স্টার। আগের বিশ্বকাপের মতো এই বলের গড়নও ছিল ১৮ প্যানেলের। ১৯৫৮ বিশ্বকাপে বাদামি এবং সাদা দুটি ভিন্ন রঙের টপ স্টার বল ব্যবহার করা হয়েছিল।

১৯৬২ বিশ্বকাপ: ক্র্যাক টপ স্টার
বিশ্বকাপের অফিসিয়াল বল হিসেবে ব্যবহার করা হয় ক্র্যাক। এটি বলের ধাঁচে রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। লম্বা অষ্টভুজ প্যানেল ব্যবহার করায় পাসিং, কিকের ওপর নিয়ন্ত্রণ বাড়ে।

১৯৬৬ বিশ্বকাপ: চ্যালেঞ্জ ফোর স্টার
১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের অফিসিয়াল বল ‘চ্যালেঞ্জ’। বলটি ১৯৫৮ বিশ্বকাপে ব্যবহূত ‘টপ স্টার’ বলের আদলে তৈরি করা হয়েছিল। পার্থক্য বলতে ছিল চ্যালেঞ্জের কমলা রং। ৬৬ বিশ্বকাপে চ্যালেঞ্জের হলুদ এবং সাদা সংস্করণের আরও দুটি বল ব্যবহার করা হয়। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল তৈরির দখল অ্যাডিডাসের একক সাম্রাজ্যে চলে যাওয়ার আগে সর্বশেষ অ-অ্যাডিডাস বল ছিল এই চ্যালেঞ্জ।

১৯৭০ বিশ্বকাপ: টেলস্টার
অ্যাডিডাসের বল দিয়ে খেলা হয় প্রথম বিশ্বকাপ। যদিও এই বল বানানোর কাজ অ্যাডিডাস শুরু করেছিল ১৯৬৩ সালেই। টেলিস্টার নামকরণ করা হয়েছিল টেলস্টার স্যাটেলাইটের নামে। টেলিভিশন সম্প্রচারের উপযোগী করে তোলার জন্য অ্যাডিডাসের বলটি ৩২টি সাদা-কালো প্যানেলে তৈরি করা হয়। ৩২টি প্যানেলের ২০টি সাদা ষড়ভুজ বাকি ১২টি কালো পঞ্চভুজ প্যানেল ছিল। এই বিশ্বকাপই প্রথম সম্প্রচার করা হয় টেলিভিশনে।
১৯৭৪ বিশ্বকাপ: ডারলাস্ট
১৯৭৪ বিশ্বকাপের অফিসিয়াল বল অ্যাডিডাসের চিলি ডারলাস্ট। ১৯৬৪ চিলি বিশ্বকাপের সাদা বলের আদলে প্রস্তুত করা বলটি ছিল পুরোপুরি সাদা-কালো। নির্মাণ কৌশল ছিল আগের বিশ্বকাপের বলটির মতোই। এই বিশ্বকাপে আগের আসরের বলটিও ব্যবহার করা হয়।

১৯৭৮ বিশ্বকাপ: ট্যাংগো ডারলাস্ট
অ্যাডিডাসের ট্যাংগো ডারলাস্টের আবির্ভাব ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেয়। ৩২ প্যানেলের বলটির ২০টি প্যানেলে প্রায় ত্রিভুজাকৃতির ছোপ ব্যবহার করা হয়েছিল। ফলে বলটি ছিল আগের বলগুলোর চেয়ে আরও বেশি দৃষ্টিনন্দন। যেকোনো আবহাওয়ায় এই বলের মান অক্ষুণ্ন থাকত। পরে ট্যাংগো মডেলের বল দারুণ জনপ্রিয়তা অর্জন করে। অলিম্পিক এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও এই মডেলের বল ব্যবহার করা হয়।
(বাকি অংশ আগামীকাল)