বিশ্বকাপের বল নিয়ে আগে থেকেই অনেক হইচই। গোলরক্ষকেরা এই বলকে তাদের জন্য মরণফাঁদ বলেছে। তখন মনে হয়েছিল গোলরক্ষকেরা মনে হয় জাবুলানির কাছে আগেই আত্মসমর্পণ করল! কিন্তু খেলা শুরুর পর গোলরক্ষকদের উদ্বেগের কারণ খুঁজে পাচ্ছি। বড় বড় ভুল করে সেটার প্রমাণই এখন যেন দিচ্ছে গোলরক্ষকেরা।জাপানের গোলরক্ষক পরশু হল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলটা খেল শেষ মুহূর্তে বলের গতিতে বিভ্রান্ত হয়ে। স্নাইডারের শটে জোর ছিল ঠিক আছে। কিন্তু গোলরক্ষক পাঞ্চ করতে গিয়ে নিজের গোলে নিজে ঢোকাল বল। বলের বাঁকে বিভ্রান্ত হয়ে নিজের জালেই বল পাঠিয়ে দলের সর্বনাশ করল।বলটা যখন বাতাসে থাকে, খুব জোরের ওপর থাকে এবং কেমন যেন একটু বাঁক নেয়। এটা শেষ মুহূর্তে গিয়ে একটা বাঁক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কিছু শট তো এমনিতেই বাঁক খাওয়ানো হয়। আবার কিছু শট বাঁক খাওয়ানো হয় না। এখানেই হচ্ছে পার্থক্যটা—বাঁক না খাওয়ালেও বাঁক নিয়ে নিচ্ছে এই বল।অনেক সময় বলের বাউন্সও বেশি মনে হচ্ছে। ড্রপ পড়ে যে উচ্চতায় আশা করা হচ্ছে, তার চেয়ে বেশি বাউন্স এই বলে। তবে টিভিতে খেলা দেখে আমরা হয়তো আসল জিনিসটা ঠিকভাবে বুঝতে পারছি না। যাই হোক, বল নিয়ে দলগুলোর পক্ষ থেকে বড় কোনো অভিযোগ না এলেও খেলোয়াড়দের সমস্যা হচ্ছে বলেই মনে হয় এবং তাদের তরফ থেকে অভিযোগ করাও হয়েছে।জাবুলানির পর চোখ কাড়ছে রেফারিংও। সমালোচনা করব না, তবে রেফারিদের ধারাবাহিকতার অভাব লক্ষ করছি। খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়ার জন্য তাঁরা যা করার করছেন, সবই ঠিক আছে। ফিফার দেওয়া অগাধ ক্ষমতার মালিক রেফারিরা। কিন্তু সমস্যা হচ্ছে, একেক ম্যাচে রেফারিং একেক রকম লাগছে। এক ম্যাচে রেফারি যে অপরাধের জন্য হলুদ কার্ড দেখালেন, আরেক ম্যাচে রেফারি চেষ্টা করছেন হলুদ কার্ড এড়িয়ে যাওয়ার জন্য। যত কম শাস্তি দিয়ে পারা যায়—এই মনোভাব দেখাচ্ছেন কেউ কেউ। লাল কার্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে দেওয়া লাল কার্ডসহ পেনাল্টির সিদ্ধান্তটা কঠিনই ছিল। যাকে লাল কার্ড দেওয়া হলো, সে বল দেখেইনি এবং টিভিতে দেখে যা মনে হলো, বলটা তার বাহুতেই লেগে থাকবে। এখানে অন্য রেফারি থাকলে হয়তো তিনি পেনাল্টি দিতেন না, লাল কার্ডও নয়।হ্যাঁ, রেফারিরা একেকজন আলাদা সত্তা। তাদের সিদ্ধান্ত একই রকম হবে, সেটা আশা করা ঠিক নয়। তবে ফুটবল মাঠে কোন অপরাধের শাস্তি কী সেটা নির্দিষ্ট করে বলা আছে। ব্যতিক্রম হলে কথা উঠবেই।খেলা নিয়ে একটু বলি। হল্যান্ড দ্বিতীয় রাউন্ডে উঠলেও তাদের খেলায় ‘টোটাল ফুটবলের’ ছাপ নেই। চোখ কাড়ার মতো ফুটবল খেলতে পারেনি হল্যান্ড।