বল্ডিকে বউ করে নিলেন ক্লার্ক
লারা বিঙ্গলের সঙ্গে তাঁর জুটি ছিল সংবাদমাধ্যমে ‘হটকেক’। তবে সেই দীর্ঘ প্রণয় পরিণয় পর্যন্ত যেতে পারেনি। কাইলি বল্ডির সঙ্গে সম্পর্কটাকে তাই সযতনে প্রচারের আড়ালে রেখেছিলেন। ২ বছরের এই প্রণয় পরিণয়ে পরিণতি পেল মঙ্গলবার। মডেল ও উপস্থাপক বান্ধবী কাইলিকে বউ করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের একজন, মাইকেল ক্লার্ক। কাল একই সময়ে টুইটারে দুজন জানিয়ে দিয়েছেন বিয়ের খবর।আইপিএল থেকে গোপনে চার দিনের ছুটিতে দেশে এসে বিয়েটা সেরে ফেললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। সিডনির ব্লু মাউন্টেইনের অভিজাত ওলগান ভ্যালি রিসোর্টের বিয়েতে ছিল দুই পরিবার ও দুজনের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। ছিলেন শেন ওয়ার্ন ও লিজ হার্লি জুটিও। জনপ্রিয় মডেল লারার সঙ্গে আংটি বদলও হয়েছিল ক্লার্কের। কিন্তু ২০১০ সালের মার্চে ছাড়াছাড়ি হয়ে যায় দুজনের। একাকিত্বের দিনগুলোতে ক্লার্ক পাশে পেয়েছিলেন কাইলিকে। ধীরে ধীরে দুজনের কাছে আসা। যদিও দুজনকে প্রকাশ্যে দেখা গেছে খুব কম। একসঙ্গে প্রথম প্রকাশ্যে আসেন গত মার্চে অ্যালান বোর্ডার পদক অনুষ্ঠানে। হুট করে বিয়েটা বড়সড় চমকই বলা যায়।৩০ বছর বয়সী কাইলি ক্যারিয়ারে জিতেছেন বেশ কটি সুন্দরী প্রতিযোগিতা। উপস্থাপক হিসেবে কাজ করেছেন দ্য ওয়েদার চ্যানেলে। এখন ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা করছেন। কাল বিয়ের খবর জানিয়ে ক্লার্কের টুইট, ‘বিশ্বের সবচেয়ে সুখী ব্যক্তি, আমাদের পরিবারের উপস্থিতিতে কাইলি বল্ডির সঙ্গে গতকাল বিয়ে হয়েছে। এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না!’ ক্লার্ক যদি হন বিশ্বের সবচেয়ে সুখী, তবে তাঁর বউ? কাইলির টুইট, ‘বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে! ১৫ মে বিয়ে হয়েছে মাইকেল ক্লার্কের সঙ্গে, আমার জীবনের সবচেয়ে সেরা দিন। তোমার বউ হতে পেরে গর্বিত!’ ওয়েবসাইট।