বসনিয়াকে ১-০ গোলে হারাল নাইজেরিয়া

ক্রোয়েশিয়া, সেনেগালের মতো চমক দেখাতে পারল না বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকেই। প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হারের পর আজ নাইজেরিয়ার বিপক্ষেও ১-০ গোলে হেরেছে বিশ্বকাপের এই নবাগত দলটি। অন্যদিকে এই জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকখানিই এগিয়ে গেছে নাইজেরিয়া।
‘এফ’ গ্রুপ থেকে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চত করে ফেলেছে আর্জেন্টিনা। দুই ম্যাচ শেষে নাইজেরিয়ার সংগ্রহ চার পয়েন্ট। গ্রুপ পর্বে সুপার ঈগলদের শেষ ম্যাচটি খেলতে হবে আর্জেন্টিনার বিপক্ষে।
আজ প্রথমার্ধের ২৯ মিনিটে নাইজেরিয়া এগিয়ে গিয়েছিল পিটার ওডেমিউঙ্গির গোলে। গোল শোধের মরীয়া চেষ্টা চালিয়েছিল বসনিয়া। কিন্তু গোলরক্ষক ভিনসেন্ট এনেইয়ামাকে ফাঁকি দিয়ে সুপার ঈগলদের জালে বল জড়াতে পারেননি বসনিয়ার খেলোয়াড়েরা। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে বসনিয়ার তারকা স্ট্রাইকার এডিন জেকোর একটি শট ফিরে এসেছে নাইজেরিয়ার গোলপোস্টে লেগে। শেষপর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে আফ্রিকান চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে এটা ছিল ১৯৯৮ সালের পর নাইজেরিয়ার প্রথম জয়। সেবার তারা বুলগেরিয়াকে হারিয়েছিল ১-০ গোলে। পেয়েছিল দ্বিতীয় রাউন্ডের টিকিট। তারপর দুইটি বিশ্বকাপে অংশ নিয়ে আর প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি নাইজেরিয়া।