
ইতিহাদ থেকে মারাকানা। ম্যানচেস্টার থেকে রিও ডি জেনিরো।
আটলান্টিক পার হতেই সতীর্থ আজ হয়ে যাচ্ছেন প্রতিপক্ষ। সার্জিও আগুয়েরো আর এডিন জেকোর দুর্দান্ত স্ট্রাইকিং জুটি গত তিন বছরে ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছে দুবার। কিন্তু কিংবদন্তির মারাকানা স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে আজ যখন মুখোমুখি হবে আর্জেন্টিনা আর বসনিয়া, জুটি ভেঙে তাঁরা হয়ে যাবেন ‘শত্রু’। কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না।
এবার বসনিয়াই একমাত্র দল, যাদের অভিষেক হতে যাচ্ছে বিশ্বকাপে। তবে জেকোর দল বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। ১০ ম্যাচের আটটিতেই জিতেছে বসনিয়ানরা, প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৩০ বার। আর্জেন্টিনা রক্ষণভাগকে আজ তাই বিশেষভাবে সতর্ক না থেকে উপায় থাকবে না ৪-২-৩-১ ছকের বসনিয়াকে রুখতে। বলকান দলটির কোচ সাফেত সুসিচের মূলমন্ত্রও আক্রমণাত্মক ফুটবল। বিশেষ করে, সেট পিসে জেকো এবং স্টুটগার্ট স্ট্রাইকার ভেদাদ ইবিসেভিচ হয়ে উঠতে পারেন ভয়ংকর, বিশ্বকাপ বাছাইপর্বে দুজনেই হেডে গোল করেছেন চারটি করে। দেশের হয়ে রেকর্ড ৮২ ম্যাচ খেলা জিয়েজদান মিসিমোভিচ আর রোমার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ সামলাবেন মাঝমাঠ, তবে হাভিয়ের মাচেরানো আর ফার্নান্দো গ্যাগোর সঙ্গে বল দখলের লড়াইয়ে কতটুকু পেরে ওঠেন তাঁরা, সেটাই দেখার বিষয়।
চোট কাটিয়ে গিঞ্জালো হিগুয়েইন মাঠে নামতে পারেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনা আশাবাদী, হিগুয়েইন থাকবেন অধিনায়ক মেসি আর আগুয়েরোর সঙ্গে বিধ্বংসী আক্রমণ শাণাতে। মাঝমাঠ থেকে তাঁদের বলের জোগান দিতে আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। বসনিয়ার অধিনায়ক বেয়ার লেভারকুসেন ডিফেন্ডার এমির স্পাহিচের নেতৃত্বে রক্ষণভাগ বাছাইপর্বে ১০ ম্যাচে গোল খেয়েছে মাত্র ছয়টি। বোঝাই যাচ্ছে, আর্জেন্টিনার ‘চমৎকার চতুষ্টয়’-এর জন্য কাজটা সহজ হবে না মোটেও।
গত দুই বিশ্বকাপে মাত্র একবার গোলের নিশানা খুঁজে পাওয়া মেসি এমনিতেই তাতিয়ে থাকবেন সমালোচকদের জবাব দিতে। তার ওপর নেইমার, আরিয়েন রোবেন বা ফন পার্সির মতো তারকারা প্রত্যেকেই প্রথম ম্যাচে দুই গোল পাওয়ায় সমর্থকদের প্রত্যাশা গেছে বেড়ে গেছে বার্সেলোনা তারকার কাছেও।
বিশ্বকাপের জন্য প্রায় নতুন জন্ম পেয়েছে মারাকানা স্টেডিয়াম। বসনিয়ার স্বপ্নের অভিষেকের জন্য দারুণ মঞ্চ। তবে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনাও ফাইনালের ভেন্যুর পোশাকি মহড়ায় প্রতিপক্ষকে উড়িয়ে দিতেই চাইবে আগের দুই প্রীতি ম্যাচের মতো। ওই দুটি ম্যাচেই আকাশি-নীলদের সাত গোলের কোনো জবাব দিতে পারেনি ড্রাগনরা।
ম্যারাডোনার উত্তরসূরিরা কি প্রস্তুত আরেকটি বড় জয়ের গল্প লিখতে? নাকি মারাকানার নতুন শুরুর দিনে জন্ম নেবে বসনিয়ান রূপকথা?

চোখ রাখুন
মুখোমুখি আর্জেন্টিনা–বসনিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়া
রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমজুড়ে ১১ গোল করার পাশাপাশি গোল করিয়েছেন ২৬টি। ডিফেন্সচেরা পাস কিংবা দুর্দান্ত ক্রস করতে সিদ্ধহস্ত অ্যাঙ্গেল ডি মারিয়া গোলমুখেও হয়ে উঠতে পারেন ভয়ংকর।
এডিন জেকো
বাছাইপর্বে ১০ ম্যাচে সমান গোল করে ইউরোপে ফন পার্সির পর এডিন জেকো ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। স্বপ্নের বিশ্বকাপ অভিষেকে গোলের জন্য ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের দিকেই তাকিয়ে থাকবে বসনিয়া।
টুকিটাকি
বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনা সর্বশেষ ১২ ম্যাচের ৯টিতেই জিতেছে, হেরেছে মাত্র একটিতে। বাকি দুই ম্যাচ ড্র।
৭৭তম দেশ হিসেবে বিশ্বকাপে অভিষেক হচ্ছে বসনিয়ার।
বসনিয়ার বিপক্ষে আগে দুটি ম্যাচে খেলেছে আর্জেন্টিনা, জয় দুটিতেই।
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল করেছে আর্জেন্টিনা (৩৫টি)