বস্কের সেরা জার্মানি
এতটা বেগ পেতে হবে, এটা হয়তো কেউ ভাবেনি। তবে প্যারাগুয়ের বিপক্ষে স্পেনের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন অনেকেই। নিশ্চিত ছিল হয়তো স্পেনও, না হলে কি আর নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে সেমিফাইনালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের খেলা দেখতে বসে যায় তারা!প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা-জার্মানির কোয়ার্টার ফাইনালটা দেখেছেন স্পেনের ফুটবলাররা। দেখে সেস ফ্যাব্রিগাসের উপলব্ধি, ‘জার্মানি অসাধারণ খেলেছে। আমাদের জন্য সেমিফাইনালটি হবে খুব কঠিন, নিঃসন্দেহে জার্মানি এই মুহূর্তে টুর্নামেন্টের সেরা দল। ওদের হারাতে হলে আমাদের সর্বোচ্চ সেরাটা খেলতে হবে।’ শুধু ফ্যাব্রিগাস নয়, স্পেনের কোচ থেকে শুরু করে সব ফুটবলারের চিন্তা-ভাবনায় এখন শুধুই জার্মানি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর ওই ম্যাচ নিয়ে যতটা না কথা বলতে হয়েছে, স্প্যানিশদের তার চেয়ে বেশি বলতে হয়েছে জার্মানি নিয়ে। এবং সবাই একমত, জার্মানি ম্যাচটাই সবচেয়ে কঠিন পরীক্ষা।সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হওয়ার পর অবধারিতভাবেই চলে আসছে দুদলের সর্বশেষ লড়াইটা। ভিয়েনায় ২০০৮ ইউরোর ফাইনালে জার্মানিকে হারিয়েই ৪৪ বছর পর বড় কোনো শিরোপা জিতেছিল স্পেন। ফাইনালে যাঁর গোলে জিতেছিল স্পেন, সেই ফার্নান্দো তোরেস মানছেন, কাজটা এবার হবে খুব কঠিন, ‘আর্জেন্টিনা-ইংল্যান্ডকে চার গোল করে দেয় যে দল, তাদের নিয়ে আর কী বলার থাকতে পারে। ওরা দুর্দান্ত খেলছে। মাইকেল বালাক নেই, কিন্তু মেসুত ওজিল কি দারুণভাবেই না ওর অভাব পুষিয়ে দিয়েছে। ওদের হারাতে হলে আমাদের খুব ভালো প্রস্তুতি নিতে হবে।’স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক তো জার্মানিকে সেরা বলেই রায় দিয়ে দিলেন, ‘এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল জার্মানি। ওদের হারাতে হলে আমাদের মন-প্রাণ উজাড় করে দিয়ে খেলতে হবে। জার্মানিকে ইউরোর ফাইনালে আমরা হারিয়েছিলাম, কিন্তু এখন ওরা বদলে যাওয়া এক দল।’ দুই বছর আগের ওই ফাইনালের কথা ভেবে স্পেনকে ফেবারিট ভাবতে রাজি নন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া আন্দ্রেস ইনিয়েস্তা, ‘দুই বছর আগে কী হয়েছিল, এটা নিয়ে কথা বলেই এখন আর লাভ নেই। ওই ফাইনাল বরং জার্মানিকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করতে পারে। জার্মানি এখন দারুণ ফর্মে আছে। শুধু জিতছেই না, খুব ভালো খেলে জিতছে। তবে আমরাও ভালো খেলছি। ম্যাচটি দারুণ হবে, কারণ দুদলই বল পায়ে রাখতে পছন্দ করে।’সবাই জার্মানিকে সম্মান দেখিয়ে কথা বলছে, তবে একজন একটু ব্যতিক্রম। স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন বলেই কিনা, ডেভিড ভিয়া দারুণ আত্মবিশ্বাসী। পাঁচ গোল করা স্ট্রাইকার বলে দিলেন, ‘সবাই জার্মানি নিয়ে ভাবছে, একবার জার্মানির কথা ভাবুন। আমার তো মনে হয় আমাদের সামনে পেয়ে জার্মানি খুব একটা খুশি হচ্ছে না!’ ওয়েবসাইট।